গানের এককে ইরিন
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২০:৪৬
বড় বোন সুপারস্টার হলে সে ঘরে আরেকজন তারকা তৈরি হওয়াটা একটু কঠিনই হয়ে যায়। তবে চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন হিসেবে ইরিন নিজে থেকেই যেন একটু সংযত হয়ে চলেন সবসময়। তাই প্রচারের এই ডামাডোলে হাজারটা অনুষ্ঠান বা টুকটুক নাটকের অফার এলেও ভদ্রোচিতভাবেই ফিরিয়ে দেন নির্মাতাদের। স্রেফ এটিএন-এর চিঠি পত্রের একটি অনুষ্ঠান দীর্ঘদিন ধরে করে আসছেন। আর এই নিভৃতে থাকা শিল্পীর শুধু অভিনয় প্রতিভায় নয়, গানেও তার কণ্ঠ দারুণ তা বেশ কয়েকটি অনুষ্ঠানেই প্রমাণ করেছেন। তাই দীর্ঘদিন পর ইরিন জামানের প্রথম কোনো একক অ্যালবামের কাজ শুরু করছেন তিনি। অ্যালবামটির আয়োজক টিভি নির্মাতা মাইনুল হাসান খোকন। তিনি বলেন, ‘একেবারেই নিভৃতে থাকতে চান তিনি। মিডিয়ার প্রতি এ তার এক ধরনের অভিমান। আমার খুব কাছের একজন বন্ধু হিসেবেই তার এই একক অ্যালবামটির দায়িত্ব আমি নিয়েছি। এ সময়ের তিন মেধাবী কম্পোজারকে দিয়েই অ্যালবামটি তৈরি হবে। এরই ভেতরে রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে।’ অ্যালবামে সংগীত পরিচালনার কাজ করছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু ও তানভীর তারেক। এ ছাড়া দেশের জনপ্রিয় গীতিকার এই অ্যালবামে গান লিখবেন। প্রতিটি গানের একটি এক্সক্লুসিভ ভিডিও তৈরি করবেন নির্মাতা খোকন। তবে কোন ব্যানার থেকে অ্যালবামটি রিলিজ হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।