ঘুড়ির জবাব নিয়ে লুত্ফরের ২য় একক

গীতিকার ও সুরকার লুত্ফর হাসান গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ২০১১ সালে। তার প্রথম একক অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’। গানটি বেশ জনপ্রিয়তাও পায়। এবার আগামী ১৫ জুলাই প্রথম অ্যালবামের জবাব নিয়েই আসছে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘আমার আকাশ পুরোটাই’। বর্তমানে এই অ্যালবামের শিরোনাম গানটি ঘুড়ির সিক্যুয়েল হিসেবে এরই মধ্যে এফএম রেডিওগুলোতে প্রচার হচ্ছে। এই অ্যালবামে গান রয়েছে ১০টি। এতে দ্বৈত কণ্ঠের দুটি গান রয়েছে। লুত্ফরের সঙ্গে গেয়েছেন তাহমিনা মতিন। অন্য গানগুলো লিখেছেন—লতিফুল ইসলাম শিবলী, মারজুক রাসেল, লুত্ফর হাসান, কাওনাইন সৌরভ, জনি হক, আবদার রহমান, রবিউল ইসলাম জীবন, ইশতিয়াক আহমেদ ও সেজুল হোসেন। সঙ্গীতায়োজনে সুমন কল্যাণ, সজীব দাস, অভিজিত্ জিতু প্রমুখ। লুত্ফর বলেন, ‘১৫ জুলাই তারিখটি আমার জন্য সাফল্যবাহক। দুই বছর বিরতির পর তাই একই দিনে প্রকাশ করছি আমার দ্বিতীয় একক অ্যালবাম। ‘ঘুড়ি’র মতো সিক্যুয়েল গানটিও লিখেছেন সোমেশ্বর অলি। এ ছাড়াও এই অ্যালবামে উল্লেখযোগ্য গীতিকাররা গান লিখেছেন। আশা করি, শ্রোতারা পছন্দ করবে।’