চী ন - ভা র ত

বিরোধ নয় সমৃদ্ধির পথে যেতে চায়

গেল সপ্তাহে ভারত সফর করে গেছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। দায়িত্ব গ্রহণের পর এটি কেকিয়াংয়ের প্রথম বিদেশ সফর। আর প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নেয়ায় তা আলাদা গুরুত্ব বহন করছে। এছাড়া ভারত সফরকে সফল বলে উল্লেখ করে গেছেন চীনা প্রধানমন্ত্রী। বলা যায়, ভারতের তরফ থেকে যথাযথ সাড়াও পেয়েছেন তিনি। সফরকালে লি কেকিয়াং ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ মেটানোর জন্য আরও কার্যকর প্রক্রিয়া তৈরির কথা জানিয়েছেন। উভয় দেশের প্রধানমন্ত্রীই বলেছেন, দুই দেশের বিশেষ প্রতিনিধিরা শিগগিরই বিবাদ মেটানোর জন্য আলোচনায় বসবেন। যদিও এ সফরের আগে দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। চীনা প্রধানমন্ত্রী বলেছেন, দুই দেশের মধ্যে পার্থক্যের চেয়ে স্বার্থ বেশি রয়েছে এবং এগুলোর জন্য খোলা মন নিয়ে এগোতে হবে। এরপর দুইদিনের সফরে চীনা প্রধানমন্ত্রী পাকিস্তানে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নে কথা বলেন। ভারত সফরকালে চীনা প্রধানমন্ত্রী আটটি চুক্তি স্বাক্ষর করেছেন। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। ভারতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ানো এবং চীনের বাজারে ভারতীয় বিভিন্ন পণ্য প্রবেশের সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। মূলত সীমান্ত বিরোধসহ অন্যান্য সমস্যা মিটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাইছে এই দুই দেশ। ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত লাদাখ অঞ্চলে ১৯৫০-এর দশক থেকে দুই দেশের মধ্যে ভূমি দখল নিয়ে বিরোধ চলে আসছে। লাদাখের একটি অংশ চীন ১৯৬২ সালের এক সংক্ষিপ্ত যুদ্ধে দখল করে নেয়। এখন পর্যন্ত ১৫ দফা আলোচনার পরও সীমান্ত সমস্যা অমীমাংসিতই থেকে গেছে। সেই বিরোধ পুনরায় জ্বলে ওঠে গতমাসে, যখন ভারত চীনের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে। পরে চলতি মাসের শুরুর দিকে ভারত এবং চীন তাদের বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়। এ বিরোধীপূর্ণ সীমানা নিয়ে ভারতের সঙ্গে লড়াই করার চেয়ে আরো ভালো কিছু করার আছে বলে মনে করেন চীনের দক্ষিণ-পশ্চিম ইউনান প্রদেশের উন্নয়ন গবেষণা কেন্দ্রের প্রধান ও কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতা কং চ্যান। তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ রয়েছে। এটাকে অস্বীকার করা যাবে না। কিন্তু আমরা এ বিরোধ নিষ্পত্তি করতে চাই। এজন্য কিছু সময় লাগতে পারে। কিন্তু এ কারণে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক আমরা তা চাই না। চীন এখনই ভারতের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। ২০১২ সালে দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিলো ৬৬ বিলিয়ন ডলার। ২০১৫ সালের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্প্রতি দুই দেশ সম্মত হয়েছে। অন্যান্য প্রতিবেশী দেশের মতো ভারতের সঙ্গেও আমরা সীমান্ত বাণিজ্য বৃদ্ধি করতে চাই। ইউনান প্রদেশের ফাইন্যান্স এন্ড ইকোনমিকস ইউনিভার্সিটির অধ্যাপক লি ঝু বলেন, সীমান্ত বাণিজ্য বৃদ্ধি করা গেলে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব। কং চ্যান বলেন, ইউনান প্রদেশে ভারতের বিনিয়োগ চায় চীন। বিশেষ করে ওষুধ ও তথ্য-প্রযুক্তি খাতে ভারতের বিনিয়োগ প্রত্যাশা করা হয়। কং চ্যানের সহকর্মী ইয়াং লি বলেন, ইউনান হলো চীনের প্রবেশদ্বার। ইউনানের মাধ্যমে ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও বার্মার সঙ্গে সড়ক, রেল ও নৌপথে সংযোগ স্থাপন করেছে। এছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহূত স্টিলওয়েল সড়কও খুলে দিতে আগ্রহী রয়েছে চীন। এ রাস্তাটি ভারতের আসামের চা বাগান থেকে শুরু হয়েছে। আর অরুণাচল রাজ্য হয়ে মিয়ানমারের কাচিন হয়ে ইউনানে পৌঁছেছে। যদিও রাস্তাটি খুলে দেয়ার বিষয়ে ভারতের নিরাপত্তাজনিত আপত্তি রয়েছে। শুধু বাণিজ্যিক কারণে নয় অন্য কারণেও ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় চীন। বিশ্লেষকরা বলছেন, চীন-ভারত সম্পর্ক খারাপ হলে ভারত যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকতে পারে। যেটা চীনের জন্য একটু চিন্তারই বিষয় হবে। গবেষক ইয়ুনঝিয়াং বলেন, চীন-ভারত সম্পর্ক খারাপ হলে তার সুবিধা নেয়ার জন্য অনেকেই চেষ্টা করবে। কলকাতাভিত্তিক সেন্টার ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশন্স এন্ড ডেভেলপমেন্টের বিনোদ মিশ্র চীনের বিষয়ে নজর রাখেন। তিনি বলেন, ভারতের প্রতি চীনের নীতি যেমনটা চিন্তা করা হয় তার চেয়ে অতি সূক্ষ্ন। সীমান্তে সেনা কমান্ডাররা কৌশলগত সুবিধা পাওয়ার জন্য জোর চেষ্টা করতে পারে। কিন্তু ভারত একটি দ্রুত বিকাশমান বাজার এবং এশিয়ার ভারসাম্য রক্ষায় এখন বড় ফ্যাক্টর। এ কারণে বেইজিংয়ের শীর্ষ নেতাদের কাছে ভারত গুরুত্বপূর্ণ। সীমান্তে কেউ একইঞ্চি জায়গা ছাড় দেবে না এমন একগুঁয়ে মনোভাবের জন্য দুই দেশের মধ্যে ১৯৫০ সাল থেকে বিরোধ লেগে আছে। হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্তে চীন-ভারত যুদ্ধ হয়েছিলো ১৯৬২ সালে। কিন্তু এই বিরোধ নিষ্পত্তি করা এখন জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে কিছু দেয়া-নেয়ার মনোভাবের প্রয়োজন রয়েছে বলে মনে করে অবসরপ্রাপ্ত জেনারেল জে জে সিং। তিনি বলেন, সীমান্ত সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না এমন দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে। তবে পারস্পরিক দেয়া-নেয়ার বিষয়টি কী হতে পারে সে বিষয়ে তিনি কিছু বলেননি। জেনারেল সিং এখন সীমান্তবর্তী রাজ্য অরুণাচলের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। যার সম্পূর্ণটা চীন নিজেদের বলে দাবি করে। তার মতে, সীমান্ত বিরোধ নিষ্পত্তির এটাই উপযুক্ত সময়। সম্প্রতি রাজিব গান্ধী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারেও তিনি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব এখন পরিবর্তিত হয়েছে আর আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী দেশ। তার মতে, চীন-ভারত আবার যুদ্ধে জড়াতে পারে এমন ভবিষ্যদ্বাণী করা বোকামি ছাড়া আর কিছু নয়। এসব ভবিষ্যদ্বাণী মিথ্যা হবে কারণ আমরা যুদ্ধে যাব না। চীন আমাদের শত্রু নয় বরং আমাদের প্রতিযোগী। জেনারেল জে জে সিংয়ের এসব বক্তব্যের বিষয়ে বিশ্লেষকরা বলছেন, চীনের সীমান্তবর্তী একটি রাজ্যের রাজ্যপাল এমন বক্তব্য কখনোই দেবেন না যতক্ষণ না নয়াদিল্লি থেকে পরিষ্কার আভাস পান। চীনে দায়িত্ব পালন করা ভারতের সাবেক রাষ্ট্রদূত সি ভি রঙনাথান বলেন, সীমান্ত বিরোধ মীমাংসার জন্য আমাদের বাস্তবসম্মত পথে এগোতে হবে। আমরা এ বিরোধ ঝুলিয়ে রাখতে পারি না। এক্ষেত্রে পারস্পরিক দেয়া-নেয়া হতে পারে সবচেয়ে ভাল পথ। চীনা বিশেষজ্ঞ শ্রীকান্ত কর্নপালি বলেন, এ সমস্যা সমাধানে দুই দেশকে এগিয়ে আসতে হবে। দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি রিসার্চের বিশ্লেষক বি জি ভার্গিস বলেন, উভয় দেশকে এখন অবশ্যই সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। আর ইউনান বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলেন, ঐতিহাসিক কারণে জাপানের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। কিন্তু ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা তাদের দেশের জনগণকে পছন্দ করি।