মিয়ানমারে যাচ্ছে জাপানও
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:১০
পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক অবরোধ উঠে যাবার পর মিয়ানমারের অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। একের পর এক সুখবর আসতে শুরু করেছে চারদিক থেকে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য দেশ মিয়ানমারে তাদের বিনিয়োগ নিয়ে যাচ্ছেন। পূর্ব এশিয়ার দেশ জাপানও এর বাইরে নয়। মূলত: যুক্তরাষ্ট্র মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার পর সেখানে বিনিয়োগ করতে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যবের নেতৃত্বে একটি বড় বিনিয়োগ প্রতিনিধিদল সমপ্রতি মিয়ানমার সফর করেন। প্রায় তিন দশকের মধ্যে যে কোন জাপানী প্রধানমন্ত্রীর এটিই প্রথম মিয়ানমার সফর। বিগত জান্তা সরকারের সময়ে দু’দেশের সম্পর্কে আস্থা নষ্ট হলেও এখন গণতান্ত্রিক মিয়ানমারে সে আস্থা পুনঃস্থাপিত হতে যাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
জাপানী প্রধানমন্ত্রী মিয়ানমার সফরে গিয়ে সেখানকার গণতন্ত্রের নেত্রী অন সাং সূচীর সাথে যেমন দেখা করেছেন সাথে সাথে দেশটির বর্তমান নেতৃত্বে থাকা থেন সেইনের সাথেও দেখা করেন। জাপানী প্রধানমন্ত্রী সেখানে গিয়ে যে ঘোষণা দিয়েছেন তা অনেককে চমত্কৃত করেছে। তিনি বলেছেন, মিয়ানমারের অর্থনৈতিক উন্নয়নে জাপান সবকিছুই করবে। মিয়ানমারের পুনর্গঠনে কিছু করতে পারলে জাপান খুশি হবে। বর্তমানে মিয়ানমারে ৩৫টি বড় জাপানী কোম্পানি তাদের বিনিয়োগ নিয়ে আছেন। শুধু তাই নয়, জাপানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে মিয়ানমার এতদিন তাদের সহায়তা বন্ধ রাখলেও এবার থেকে তা আবার চালু হচ্ছে।