কেন অপরাধ কম আইসল্যান্ডে

এমন একটি দেশের কথা ভাবুন, যেখানে নারীরা যতো রাতই হোক না কেন নিরাপদে নির্বিঘ্নে রাস্তায় চলাফেরা করে। বাবা-মা তাদের ছোট্ট সন্তানকে বাইরে রেখে অফিসে বা বাসায় কাজ করে। রাস্তায় অপেক্ষা করছেন, আপনার পাশে গাড়ি থামিয়ে চালক জিজ্ঞেস করবে, লিফট লাগবে? ভাবছেন এমন কোন দেশ হয় নাকি? আছে নাকি এমন কোন দেশ? রূপকথার গল্পের মতো এই দেশটি হলো আইসল্যান্ড। পৃথিবীর সবচেয়ে কম অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে এই দেশে। সহিংস ঘটনা নেই বললেই চলে। যদিও আগ্নেয়াস্ত্রের উপর ভাসছে দেশটি। প্রায় সব নাগরিকের কাছেই আছে অস্ত্র। দেশটির জনসংখ্যা তিন লাখ ১৩ হাজারের মতো। এর মধ্যে প্রায় এক লাখ মানুষের কাছেই আছে বৈধ অস্ত্র। তারপরেও তেমন একটা রক্তারক্তি নেই। ২০১১ সালে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা একটি পরিসংখ্যান তুলে ধরে। এতে দেখা যায়, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটিতে হত্যাকাণ্ডের হার কখনোই লাখে ১ দশমিক ৮ শতাংশ অতিক্রম করেনি। অথচ একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের হার ছিল ৫ থেকে ৫ দশমিক ৮ শতাংশ। ২০০৯ সালে ব্রাজিলে হত্যাকাণ্ড হয়েছে ৪৩ হাজার ৩০৯টি, ডেনমার্কে ৪৭টি, যুক্তরাজ্যে ৭২৪টি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ হাজার ২৪১টি। সেখানে আইসল্যান্ডে হয়েছে মাত্র একটি। সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানান, অপরাধের হার কম হওয়ার প্রধান ও একমাত্র কারণ হচ্ছে আইসল্যান্ডে কোন শ্রেণী বৈষম্য নেই। অর্থাত্ আইসল্যান্ডে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে বৈষম্য নেই। যার ফলে অর্থনৈতিক কারণে সৃষ্ট অসন্তোষ বা ক্ষোভ দেখা যায় না মানুষেল মধ্যে; যা বিশ্বে বিরল। ইউনিভার্সিটি অফ মিসৌরির মাস্টার্সের শিক্ষার্থীদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে ১ দশমিক ১ শতাংশ নিজেদের অভিজাত বা উচ্চ শ্রেণীর মানুষ বলে মনে করে। আর ১ দশমিক ৫ শতাংশ নিজেদের নিম্ন শ্রেণীর মানুষ বলে মনে করে। বাকি ৯৭ শতাংশই নিজেদের উচ্চ-মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত অথবা কর্মজীবী শ্রেণী বলে মনে করে। বড় বড় শিল্পপতির সন্তানেরা অন্য সবার সন্তানের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে। সোশ্যাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের পার্লামেন্টারি গ্রুপের সাবেক চেয়ারম্যান জর্গভিন সিগার্ডসনের মতে, অন্য আইসল্যান্ডবাসীর মতো আমিও বলছি, আমাদের দেশে কম অপরাধ হওয়ার জন্য শ্রেণী সমতাই হলো প্রধান কারণ। এখানে শীর্ষ ব্যবসায়ীদের সন্তানেরা অন্য সবার মতোই স্কুলে যাচ্ছে। দেশের সামাজিক কল্যাণ ও শিক্ষা ব্যবস্থা কর্মসূচি একটি সমতাভিত্তিক সংস্কৃতি গড়তে সাহায্য করে। শিশুদের বাসার বাইরে অভিভাবক ছাড়াই ঘুরতে দেখা যায় অহরহ। আরেকটি লক্ষণীয় দিক হলো আইসল্যান্ডে অপরাধ সংঘটিত হলেও আগ্নেয়াস্ত্রের ব্যবহার তেমন একটি দেখা যায় না। গান পলিসি ডট অরগ’র হিসাবানুযায়ী, দেশে প্রায় ৯০ হাজারের মতো আগ্নেয়াস্ত্র রয়েছে। যেখানে দেশটির জনসংখ্যা তিন লাখ ১৩ হাজারের মতো। সারা বিশ্বের বৈধ মাথাপিছু অস্ত্রের মালিকানার ভিত্তিতে দেশটির অবস্থান ১৫তম। যদিও দেশটিতে অস্ত্র প্রাপ্তির জন্য কঠিন সব পক্রিয়া অনুসরণ করতে হয়। মেডিক্যাল পরীক্ষা, নিরীক্ষা ও লিখিত পরীক্ষা দেয়ার পর নাগরিকেরা অস্ত্রের লাইসেন্স পান। দেশটির পুলিশ বাহিনীও নিরস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করেন। একমাত্র বিশেষ বাহিনী ভাইকিং স্কোয়াডের কর্মকর্তাদের অস্ত্র রাখার অনুমোদন আছে। আর তাদেরকেও কদাচিত্ ডাকা হয়। মাদক ব্যবহারের হারও কম দেশটিতে। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার মতে ১৫-৬৪ বছর বয়সী মানুষের মধ্যে কোকেন ব্যবহারের মাত্রা শূন্য দশমিক ৯ শতাংশ। অন্যান্য মাদকের ব্যবহার শূন্য দশমিক ৫ থেকে শূন্য দশমিক ৭ শতাংশের মধ্যে। আইসল্যান্ডের একটি রীতি হলো অপরাধের ব্যাপকতা বাড়ার আগেই এটিকে নিয়ন্ত্রণ করা। অর্থাত্ কোনো অপরাধকে বেশি বাড়তে দেয়া হয় না। এর আগে দেশটিতে যখন মাদক বিপজ্জনক ইস্যু হয়ে দাঁড়ায় তখন দেশটির পার্লামেন্ট একটি পৃথক মাদক পুলিশ ও মাদক কোর্ট গঠন করে। সেটি ১৯৭৩ সালের কথা। ওই আদালত প্রথম ১০ বছরে মাদক সংক্রান্ত অপরাধের দায়ে শুধু জরিমানা করতো। একই সঙ্গে সমাজ অপরাধী ব্যক্তিকে অপরাধের জগত থেকে ফিরে আসার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালায়। আমেরিকার বোস্টনের সোফোক ইউনিভার্সিটির ল স্কুলের আন্তর্জাতিক আইনের ছাত্র অ্যান্ডু ক্লার্ক বলেন, ২০১২ সালে আমি প্রথমবারের মতো আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে যাই। এয়ারপোর্ট থেকে নেমে আমার ব্যাগটি রাস্তার তুষারের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছিলাম, একটি গাড়ি এসে আমার পাশে দাঁড়ালো। চালক বললো, আমি গাড়িতে উঠতে চাই কিনা? একটু অবাক হলেও গাড়িতে উঠে পড়ি নিশ্চিন্তে। ভয় লাগছিল না। আইসল্যান্ডের গ্রামীণ এলাকাগুলোও নিরাপদ। রিকজাভিকে রাস্তায় তালা না দিয়েই ফেলে রাখা হয় বাইসাইকেল। যা হোক সেবার আমি আইসল্যান্ডে এক সপ্তাহ ছিলাম। আমার জানতে ইচ্ছা জাগে কেন এখানে অপরাধ কম? রিকজাভিক যাওয়ার আগে আমার গবেষণার বিষয়বস্তু ছিল- সাইবার যুদ্ধ ও জেনেভা কনভেনশন। কিন্তু এক সপ্তাহ আইসল্যান্ডে অবস্থান করার পর আমার দৃষ্টিভঙ্গি বদলে যায়। পরে আমি আমার গষেণার বিষয়বস্তু বদলাই। ইউএনডিপির মানব উন্নয়ন ইনডেক্স অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও সম্পদের সব হিসাবেই দেশটি বিশ্বের এক নম্বর। ২০০৬ সালে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান পরিচালিত এক জরিপে দেখা গেছে, আইসল্যান্ডের মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী। আরো কিছু মজার তথ্য হলো: আইসল্যান্ড হলো বিশ্বেরে মাথাপিছু জিডিপির দিক দিয়ে ষষ্ঠ। এই দেশের মানুষেরা পৃথিবীর অন্য দেশের তুলনায় বেশি বই কেনে। পৃথিবীর সবচেয়ে বেশি গড় আয়ুর দেশের মধ্যে একটি আইসল্যান্ড। ন্যাটো বাহিনীর অন্তর্ভুক্ত একমাত্র দেশ যার কোন সেনাবাহিনী নেই। সাতশ’ বছর আগে সেনাবাহিনী নিষিদ্ধ করা হয়। জনসংখ্যার অনুপাতে পৃথিবীর সবচেয়ে বেশি মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে এই দেশে। এ ছাড়া দ্রুত অগ্রসরমান ব্যাংক ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্যের রকেট গতির জন্যও দেশটি সারা বিশ্বের মডেল।