তলিয়ে যাচ্ছে মেঘনা পাড়ের ব্লক
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২০
কাজ শেষ না হতেই হাতিয়ার তমরদ্দি এলাকার মেঘনার পাড়ের ব্লক নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে করে নদী পাড়ের হাজার হাজার অধিবাসী জলোচ্ছ্বাস ও জোয়ারের আতঙ্কে দিন কাটাচ্ছে। ব্লক তলিয়ে যাওয়ায় উত্তাল মেঘনায় যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হাতিয়ার তমরদ্দি এলাকায় নদী ভাঙ্গন প্রতিরোধে ব্ল¬ক বাঁধ নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, তমরদ্দি খালের মুখ থেকে উত্তর দিকে ৫শ’ মিটার ব্ল¬ক বাঁধের কাজ করছে মোস্তফা এন্ড সন্স নামীয় (গ্রুপ নং ৪) একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গত বছরের এপ্রিল মাস থেকে একাজ শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী ৫০% বালির বস্তা ফেলার পর ব্লক দেবার কথা এবং বস্তা ফেলে ডাম্পিং করে প্লেসিং কাজ শেষ করতে হবে। তা না করে নতুন মাটির উপরে কম্প্রেসার না করায় ব্লক গুলো ডেবে গেছে। এ অংশে ১ লক্ষ ৯৫ হাজার বালির বস্তা ফেলার বরাদ্দ থাকলেও মাত্র ৪০/৫০ হাজার বস্তা ফেলানো হয়েছে বলে উক্ত ঠিকাদারের ফোরম্যান মেহেরাজ উদ্দিন স্বীকার করেন। অভিযোগে আরো প্রকাশ, পানি উন্নয়ন র্বোডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল সালাম উক্ত কাজ তদারকির দায়িত্বে থাকলেও তিনি হাতিয়ায় না এসে জেলা সদরে অবস্থান করছেন। অপরদিকে তোফায়েল কমিটি নদীর তীরে বালি ভর্তি ব্যাগ গুণে যাবার পর উক্ত ব্যাগগুলো কেটে বস্তাগুলো নদীতে ফেলা দেয়া হয়।
তারপর পুনরায় একই বালু অন্য বস্তায় ঢুকানো হয়। এভাবে জিও ব্যাগে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করা হচ্ছে বলে জানা গেছে। এছাড়াও নিয়মানুযায়ী ব্লক না ফেলায় নদীতে তলিয়ে যাচ্ছে উক্ত ব্লকগুলো। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রকৌশলীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মো: ফজলুল আজিম উক্ত ব্লকবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন।