ভারতীয় চলচ্চিত্র উত্সব ৩০ মে শুরু
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২৬
চট্টগ্রামে আগামী ৩০ মে শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ভারতীয় চলচ্চিত্র উত্সব। চলতি বছরে ৩ মে ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষ পূর্তি হওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রামে প্রদর্শিত হবে বিশ্বনন্দিত ১৭টি ভারতীয় চলচ্চিত্র। ভারতীয় সহকারী হাইকমিশনের সহযোগিতায় উত্সবের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। উদ্বোধনী দিন বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৭টায় প্রদর্শিত হবে বেদব্রত পাইন পরিচালিত হিন্দি চলচ্চিত্র চিটাগাং।
৩১ মে শুক্রবার বিভিন্ন অধিবেশনে প্রদর্শিত হবে যব তক হ্যায় জাল, দত্ত ভার্সেস দত্ত, আবর্ত ও যেখানে ভূতের ভয়, পথের পাঁচালী, ভুবন সোম, ঘটশ্রাদ্ধ ও অংকুর। ১ জুন প্রদর্শিত হবে কোমল গান্ধার, এলিপাথ থাসায়, অর্ধসত্য, মির্চ মসালা, গ্যাস অব ওয়াসিপুর, পান সিং তোমর, বোঝে না সে বোঝে না এবং অবশেষ। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের ল্যাবরেটরি থিয়েটারে ৩০ মে চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করবেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। প্রধান অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের উপদেষ্টা রূপম কিশোর বড়ুয়া।