লাভ বড় দুই দলের, ক্ষতি জনগণের

খুবই খারাপ অবস্থার মধ্যে নিপতিত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা। চির প্রতিদ্বন্দ্বী দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাবের অংক মিলাতে কঠিন অবস্থানে। একে অপরকে ঠেকাতে এবং রাজনৈতিকভাবে পরাজিত করতে তারা চরম দ্বন্দ্বের মধ্যে অবস্থান করছে। কেউ কাউকে ছাড় দেয়া দূরে থাক, বরং একে অপরকে ল্যাং মেরে কখন ধরাশায়ী করবে সেই আশায় নানাভাবে নানা কৌশলের আশ্রয় গ্রহণ করছে। একবার একদল ভাল অবস্থায় তো আবার পরক্ষণেই আর একদল ভাল অবস্থায়। সামনের নির্বাচনকে ঘিরে এখন এই দুই দল ফাইনাল খেলায় মত্ত। যে কোন দেশের স্বাভাবিক অবস্থার রাজনৈতিক কালচার যদি কেউ বিশ্লেষণ করে, তবে প্রতিদ্বন্দ্বিতামূলক এই দৌড়টি একমাত্র নির্বাচনকালীন সময়ে হতে পারে এমনটা সহজেই বলে দিতে পারে। কেননা একের জন্য অপরকে পরাজিত করার মোক্ষম সময় হচ্ছে নির্বাচনকালীন সময়। নির্বাচনের সময় এক পক্ষ অপর পক্ষকে পরাজিত করতে নানাভাবে রাজনৈতিক কৌশল অবলম্বন করবে সেতো সকলেরই জানা। বাংলাদেশের নির্বাচন তো আরও কিছুটা পরে আসবে। কিন্তু মূল যুদ্ধটা আওয়ামী লীগ এবং বিএনপি সম্ভবত এখনই করতে চায়। নির্বাচনের পূর্বেই তারা নির্বাচনের ফলাফল নিশ্চিত করে নিতে চায়। নির্বাচনের পূর্বে নির্বাচনী সময়ে যুদ্ধ করার ইতিহাস বাংলাদেশ ছাড়া সম্ভবত আর কোন দেশে এতটা প্রকটভাবে আসতে পারে না। কারণ এই দেশেই চরম প্রতিদ্বন্দ্বী দু’টি রাজনৈতিক দল তাদের স্বেচ্ছাচারী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পায়। তৃতীয় কিংবা চতুর্থ শক্তি না থাকাতেই এমন বিড়ম্বনা। ইচ্ছা না থাকলেও জনগণকে হয় আওয়ামী লীগ অথবা বিএনপির পক্ষে অবস্থান করতে হয়। যুদ্ধাপরাধী বিচার নিয়ে আওয়ামী লীগ সরকার যখন বেশ কঠিন সময় কাটাচ্ছিল এবং জামায়াত-শিবিরের সহিংসতার কারণে রাজনৈতিকভাবে বেকায়দায় পড়ে যাচ্ছিল, যখন বিএনপি তাদের পালে হাওয়া লাগিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল, ঠিক তখনই আওয়ামী লীগের হাতে এসে যায় নতুন একটি রাজনৈতিক সুযোগ। যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের বিরোধিতায় হাজার হাজার তরুণ রাস্তায় নেমে এসে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে। সরকার এবং আওয়ামী লীগ গণজাগরণের ঢেউকে বরণ করে নেয় মুহূর্তের মধ্যেই। সমর্থন এবং সাহায্যের উদাত্ত আহ্বান আসে সরকার এবং সরকারি দল থেকে। পরিস্থিতি পাল্টে যায় সঙ্গে সঙ্গে। আওয়ামী লীগ জেগে উঠে নতুন করে এবং বিএনপির খারাপ সময় আসে। বিএনপি সুযোগের অপেক্ষায় থাকে এবং নতুন কৌশলের সন্ধানে হাত প্রসারিত করে রাখে। সঙ্গে সঙ্গেই পেয়ে যায় সুযোগ এবং গ্রহণ করে নতুন কৌশল। গণজাগরণের বিপক্ষে আশ্রয় নিয়ে তাদেরকে নাস্তিক বলে আখ্যায়িত করে। তাদের নাস্তিক শব্দটি কাজে লাগে এবং এই গণজাগরণের বিপক্ষে ধর্মপ্রাণ মুসল্লিদের ক্ষেপিয়ে তুলতে বিএনপি সফল হয়। বিএনপি হেফাজতে ইসলামের উপর ভর করে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন করতে সমর্থ হয়ে পড়ে। আবার আওয়ামী লীগ কুপোকাত এবং বিএনপির জাগরণ। বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে অন্তত একটি বিষয় মীমাংসিত— যথাযথভাবে সুষ্ঠু নির্বাচন হলে এদেশে আওয়ামী লীগ অথবা বিএনপি এই দু’টি দলের যে কেউ ক্ষমতায় যাবে এবং অন্যজন বিরোধী দলে থাকবে। এর কোন ব্যত্যয় হওয়ার সুযোগ এখনও এদেশে সৃষ্টি হয়নি। সরকার গঠন অথবা প্রধান বিরোধী আসনে বসার মত রাজনৈতিক শক্তি এই দু’টি রাজনৈতিক দল ছাড়া তৃতীয় কোন দলের নেই। এই দু’টি দল যদি আজই একে অপরের সঙ্গে এই মর্মে সন্ধি করে যে, তারা দু’জনে পালাবদল করে ক্ষমতায় ও বিরোধী দলে থাকবে, তবে বাংলাদেশে তা ঠেকানোর মত আপাতত কোন রাজনৈতিক শক্তির অস্তিত্ব নেই। কিন্তু ম্যাচ ফিক্সিং-এর সুযোগ থাকা সত্ত্বেও এই দু’টি দল তা পারছে না। এক দল অন্য দলের সঙ্গে কোন রকম রাজনৈতিক সমঝোতা অথবা শিষ্টাচার প্রদর্শনের কালচার গ্রহণ করতে পারছে না। একদল ‘হ্যাঁ’ বললে অন্যদল ‘না’ বলবেই। এ কথা যেমন এই দু’টো দল জানে, ঠিক তেমনই জানে এদেশের জনগণ। এই দুই দলের দুই শীর্ষ নেত্রীর সঙ্গে মানবিক, সামাজিক বা রাজনৈতিক সুন্দর সম্পর্ক নেই। আর সেই খারাপ সম্পর্কের হাত ধরে এই দু’টি দলের মধ্যে একটি স্বাভাবিক রাজনৈতিক সম্পর্ক কখনও গড়ে উঠেনি। কয়েক মাস পর নির্বাচন। যদি নির্বাচনটি ঠিকমত হতে পারে তবে এই দুই দলের যে কোন এক দলের লাভ হবে এবং সরকার গঠন করবে এ কথা সহজেই বলা যায়। অন্য দলটিকে বিরোধী আসনে বসতে হবে। সুতরাং লাভ-ক্ষতি অথবা লাভ এবং কম লাভ পুরো বিষয়টিই এই দু’টি দলকে ঘিরেই হবে। তবে এটুকু খুব জোরের সাথেই বলা যায় যে, এই দু’টি দলের যে কেউ লাভবান হোক অথবা যে কেউ অপেক্ষাকৃত কম লাভবান হোক, তার ফলে ক্ষতিটির সম্মুখীন হবে এদেশের জনগণ। লাভ হবে এদের মধ্যে যে কোন এক দলের এবং ক্ষতির অংশটুকু ভাগ হয়ে যাবে জনগণের মাঝে। কেননা এই দু’টি দলের রাজনৈতিক অবস্থান, আন্দোলন, কৌশল কোন কিছুতেই দল দু’টি জনগণকে সম্পৃক্ত করে না। জনগণ কিসে বেশি খুশি হবে সেদিকে দৃষ্টি নেই কোন দলেরই। বরং তারা সীমাবদ্ধ থাকে তাদের দলীয় স্বার্থ আর দলীয় কর্মীদের স্বার্থের প্রতি। জাতীয় দৃষ্টিকোণ থেকে না দেখে তারা বরং প্রতিটি বিষয় দেখে দলীয় দৃষ্টিকোণ থেকে। একটি দল যখন হরতাল ডাকে, জনগণ সেই হরতাল সমর্থন করুক বা না করুক তার তোয়াক্কা না করে জনগণের প্রচুর ক্ষতিসাধন করে সকল মানুষকে তাদের ডাকা হরতাল পালনে বাধ্য করে। এই হল হরতাল আহ্বানকারী বিরোধী আসনে বসা দলের জনস্বার্থের কাজ। তারা জনগণের নামে ডাকা হরতাল দিয়ে গাড়ি-বাড়ি-দোকান ভেঙ্গে, ককটেল ফুটিয়ে জনগণের জানমালের ক্ষতিসাধন করে। সরকারের আসনে বসা দলটি আবার তাদের রাজনেতিক স্বার্থ বিবেচনা করে সময়মত জনগণের জানমাল হেফাজত না করে বরং বিশৃংখলার পরিস্থিতি এগিয়ে যেতে সুযোগ করে দেয় এবং বিরোধী দলের সহিংসতা জনগণকে দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। পাল্টাপাল্টি দোষারোপ করে একে অপরের উপর, কথার রকেট ছুঁড়ে অনবরত একে অপরের দিকে। কিন্তু উভয় দলই একসাথে কখনও বসে না, এমনকি চরম জাতীয় দুর্যোগের মুহূর্তেও এই দু’টি দল দেশের বৃহত্তর স্বার্থে এক ভাষায় কথা বলতে পারে না। তাজরিন পোশাক কারখানাতেই হোক, সাভারের রানা প্লাজাতেই হোক অথবা ব্রা?হ্মণবাড়িয়ার ঘূর্ণিঝড়েই হোক- শত শত মানুষের মৃত্যু ঘটলেও দেশের এই শীর্ষ দুই রাজনৈতিক দল মানুষের স্বার্থে কখনও এক টেবিলে বসে মানবতার প্রশ্নে সুর মিলিয়ে কথা বলতে পারে না। আর পারে না বলেই এই দুই দলের সকল কর্মকাণ্ডে তাদের মূল লক্ষ্য থাকে না জনগণের মঙ্গল, বরং তাদের মূল লক্ষ্য থাকে নিজ নিজ দলের রাজনৈতিক দলীয় স্বার্থ। জাতির ক্রান্তিলগ্নেও তাই তারা কখনও দলীয় স্বার্থের ঊর্ধ্বে অবস্থান করতে পারে না। জনগণের সেবার নামে তাই তারা শুধু জনগণের দুর্ভোগ বৃদ্ধি করেই চলেছে একের পর এক। আজকের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীদিনের না জানা রাজনৈতিক অস্থিরতা হয়তো এদের দু’জনের মধ্যে একজনের জন্য এনে দিবে লাভের অংশটুকু; হয়তো আগামী নির্বাচনটি এদের মধ্যের একজনকে বসাবে রাজ্যের সিংহাসনে। কিন্তু তার ফলে দেশের মধ্যে এই বড় দু’টি দল যে সহিংসতা এবং অস্থিরতা উপহার দেবে তার পুরো ক্ষতিটুকুই লাভ করবে এদেশের জনগণ। এরা লাভের হিসাব কষবে এবং সেই হিসাব নিজের মত করে গণনা করতে এরা সময়মত দেশের জনগণকে দাবার গুটি হিসাবে ব্যবহার করবে। ফলে যা হবার তাই হবে। সমস্ত অমঙ্গল, সমস্ত ক্ষতি গ্রহণ করতে বাধ্য হবে এদেশের জনগণ। জনগণ শুধু ক্ষতিই দিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে। একদল ক্ষমতায় বসে এবং অন্যদল রাস্তায় হানাহানি করে। জনগণের ক্ষতি হবে এমন চিন্তা করে ক্ষমতায় বসা দলটিও রাজনৈতিক ছাড় দিতে নারাজ এবং অন্যদিকে বিরোধী দলও জনগণের কিসে বেশি লাভ হবে, কিসে কম ক্ষতি হবে সে কথা মাথায় রেখে সরকারকে কোন ছাড় দিতে নারাজ। ফলে এই দু’টি দল নির্বাচনের পূর্ব মুহূর্তে দলীয় স্বার্থের কারণে আজ রাজনৈতিক মাঠে শুধু জয়লাভের জন্য সংগ্রামরত। নির্বাচনকে তাদের অনুকূলে দেখতে একদল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে আপসহীন; আবার অন্যদল দলীয় স্বার্থের কথা চিন্তা করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে না দিতে আপসহীন। এই দুই দলের সহিংস প্রস্তুতির আভাস পাচ্ছে জনগণ। শেষ সময়ে অর্থাত্ নির্বাচনের আগের মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতি আরও সংঘাতের দিকে যাচ্ছে এ বিষয়টি বুঝতে আর কারও বাকি থাকার কথা নয়। সংঘাত অনিবার্য, অশান্তি দরজায় কড়া নাড়ছে। কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি এখনও স্ব স্ব জায়গায় আপসহীন। জনগণের কষ্ট কমাতে, জনগণের ক্ষতি কমাতে আমরা এই মুহূর্তে দু’টি দলের কাছে সমঝোতা আর রাজনৈতিক শিষ্টাচার আশা করি; সংলাপের টেবিলে দু’পক্ষকে আশা করি। যে জনগণের জন্য তারা রাজনীতি করেন, সেই জনগণের ক্ষতি না করার জন্যই তাদের আজ আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে। বিরোধী দলকে এটুকু বলা যায়, তারা যেন সংসদে এসে তাদের দাবির কথা তোলে। সংসদ যেন তাদের মূল দাবি পেশের জায়গা হয় এবার। অন্যদিকে সরকারি দলও যেন জনগণের মঙ্গলের কথা, দেশের ভাবমূর্তির কথা, মানুষের শান্তির কথা ভেবে বিরোধী দলকে আস্থায় নিয়ে আলোচনার পথ খোলা রাখে। সংসদে যেন একটি ঐক্যমতের সুযোগ সৃষ্টি হয় এবার। লেখক : সাবেক সেনা কর্মকর্তা