গফরগাঁওয়ে নির্যাতিতা গৃহবধূ উদ্ধার পেয়েছে
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২৬
ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে আহত এক গৃহবধূকে স্বামীর বাড়িতে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত শনিবার উপজেলার পালইকান্দা গ্রামে। আহত গৃহবধূ পারভীন আক্তার হ্যাপী (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, প্রায় ৫ বছর আগে উপজেলার জন্মজয় গ্রামের মোঃ মঞ্জুরুল হকের মেয়ে পারভীন আক্তার হ্যাপীর সাথে উপজেলার পালইকান্দা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে খোকন মিয়ার বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের ৪ মাস পরেই খোকন বিদেশ চলে যায়। গত ১ মাস পূর্বে খোকন মিয়া দেশে ফিরে এসে ব্যবসা করার পুঁজির নামে ৫ লাখ টাকা যৌতুকের জন্য হ্যাপীকে চাপ দেয়। সর্বশেষ গত শুক্রবার রাতে হ্যাপীকে বাপের বাড়ি থেকে ৫ লাখ টাকা এনে দিতে বলে। হ্যাপী অপরাগতা প্রকাশ করায় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হ্যাপীকে গুরুতর আহত করে ঘরে অবরুদ্ধ করে রাখে। পরদিন সকালে খবর পেয়ে হ্যাপীর পিতা চিকিত্সার জন্য আনতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন বাঁধা দেয়। উপায়ন্তর না পেয়ে হ্যাপীর পিতা থানা পুলিশের শরণাপন্ন হয়। এ সময় খোকন মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়।