সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:২৭
মধুখালীতে ব্র্যাকের স্বেচ্ছায় রক্তদান
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ গতকাল রবিবার ফরিদপুরের মধুখালীতে ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আয়োজনে ‘রক্তদিন মা ও শিশুর জীবন বাচাঁন’ শ্লোগানকে সামনে রেখে ব্র্যাক ও ফরিদপুর মেডিক্যাল কলেজের মেডিসিন ক্লাব ইউনিটের সহযোগিতায় মা-নবজাতক ও শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫০ জন নারী-পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাকুর, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ, মাহফুজুল হাসান তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।
কোটালীপাড়ায় প্রিপ ট্রাস্টের মতবিনিময়
কোপালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা এসডিসি’র আর্থিক সহযোগিতায় প্রিপ স্ট্রাস্টের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে গুণগত স্বাস্থ্য সেবা প্রদান ও প্রাপ্তিতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা। গতকাল রবিবার উপজেলার হিরন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হিরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি এবাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. যদুনাথ মজুমদার।
দিগন্ত টিভি সম্প্রচার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি \ দিগন্ত টেলিভিশন পুনঃ সম্প্রচারের দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুর জেলা স্যাটেলাট ক্যাবল টিভি দর্শক ফোরাম। রবিবার সকালে শহরের উত্তর তেমুহনীতে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সরদার সৈয়দ আহম্মদ, মমিন উল্লাহ, অধ্যাপক শাখায়াত হোসেন, ডাক্তার কামাল হোসেন প্রমুখ।
বেনাপোল পর্যটন মোটেলে মতবিনিময়
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোল পর্যটন মোটেলে জাহানাবাদ প্রোপার্টিজ লিঃ-এর সাউথ বেঙ্গল সিটিতে আবাসভূমি বাস্তবায়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীর মহাপরিচালক এএফএস উবাইদুল্লাহ মামুন।
স্বরূপকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে পানিতে ডুবে মোসা. রূপা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দ. সোহাগদল গ্রামের মো. শাহিন মিয়ার শিশুকন্যা রূপা সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার অচেতনদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, ১ বছর পূর্বে শাহিন মিয়ার আরেক শিশুকন্য শিখা পানিতে ডুবে মারা যায়।
খালিয়াজুরীতে সরকারি ভূমি উদ্ধার
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার শালদিঘায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার সম্পদ হতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে। জানা গেছে, উপজেলার শালদিঘা পশ্চিম শিবির এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের প্রায় ১০ কাঠা (স্থানীয়ভাবে ১০ শতাংশে এক কাঠা) বাস যোগ্য ভূমি দীর্ঘ কয়েক বছর ধরে কতিপয় ভূমিদস্যু জবর দখল করে রেখেছিল। শনিবার উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল মান্নানের নেতৃত্বে লেপসিয়া গ্রামের খলিল মিয়া, জিয়া উদ্দিন, আব্দুল আজিজসহ অর্ধশত দখলদারের ৫০/৬০টি আধাপাকা এবং কাঁচা ঘরবাড়ি উচ্ছেদ করা হয়।
চাটমোহরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চাটমোহর সংবাদদাতা \ চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জাবরকোল গ্রামে রবিবার সকালে আব্দুল হান্নান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ঐ গ্রামের আক্কাস আলীর ছেলে আব্দুল হান্নান (২৪) শোবার ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ সময় তার স্ত্রী বাড়িতে ছিল না। রবিবার সকালে বাড়ির লোকজন টের পেয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
ছাতকে ইসলামপুর ইউপির বাজেট ঘোষণা
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকে ইসলামপুর ইউনিয়নের ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান অ্যাড. সুফি আলম সোহেল। বাজেটে আয় ৫০ লক্ষ ৬৮ হাজার ৬শ’ ৪৯ টাকা ও ব্যয় ৪৯ লক্ষ ৫৭ হাজার ৭শ’ টাকা ধরা হয়েছে।
পবিপ্রবিতে জাতীয় কবির জন্মবার্ষিকী পালন
পবিপ্রবি সংবাদদাতা \ যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে একাডেমিক ভবনের করিডোরে জাতীয় কবির প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন খাদ্য ও পুষ্টি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রবিউল হক।
সুবর্ণচরের শিক্ষা প্রতিষ্ঠানে শোক মিছিল
নোয়াখালী প্রতিনিধি \ সড়ক দুর্ঘটনায় নিহত সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র আরশাদ আলী হূদয়ের স্মরণে শনিবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও আটকোপালিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে স্কুলের মিলনায়তনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপত্বিতে শোকসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হানিফ চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাঈদুল হক ভুঁইয়া, সদস্য হাবিব সৈয়দুর রহমান চৌধুরী, আবদুল হক চৌধুরী, শফিকুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস বক্তব্য রাখেন।
ঝিনাইদহে যুবদলের মিছিলে হামলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ শনিবার বিকালে ঝিনাইদহে হরতালের সমর্থনে যুবদলের একটি মিছিল যুবলীগ ও ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে গেছে। প্রিয়া সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে পুরাতন ডিসি কোর্টের সামনে পৌঁছালে সরকার সমর্থকরা হামলা চালায়। হামলায় ৫ যুবদল নেতাকর্মী আহত হয় বলে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক দাবি করেন।
কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় লতিফিয়া ওয়েল ফেয়ার পরিষদ এর আয়োজনে শনিবার এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরিষদের সভাপতি ডা. সায়েক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছলুর রহমান তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক ডা. আব্দুল হান্নান চিনু।
খুলনায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ১০
খুলনা অফিস \ শনিবার সুন্দরবন সংলগ্ন দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের মৌখালী ও হোগলাবুনিয়া গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ ১০ জন আহত। পুলিশ জানায়, সকালে মৌখালী গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্লুইস গেটের পাশে গণউন্নয়ন যুবসংঘের জায়গায় ক্লাব সম্পাদক আব্দুস সালাম গাজীর নেতৃত্বে স্থানীয় গ্রামবাসী ও শ্রমিকরা মাটি ভরাট করছিলো। খবর পেয়ে একই গ্রামের বাসিন্দা জলিল বয়াতির ছেলে জাকির বয়াতি ঘটনাস্থলে হাজির হয়ে প্রতিপক্ষকে মাটি ভরাট করতে নিষেধ করে। এক পর্যায়ে প্রতিপক্ষরা জাকির বয়াতিসহ তার সঙ্গী হোগলাবুনিয়া গ্রামের মুছা গাজীকে মারপিট করে। গুরুতর আহত পীর আলী গাজী চিকিত্সাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
টাঙ্গাইলের গালা ইউপি’র বাজেট ঘোষণা
টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করা হয়েছে শনিবার। ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ফরজ। বাজেটে নিজস্ব উত্স, সরকারি খাত ও স্থানীয় সরকার সূত্রে সম্ভাব্য ৩২ লাখ ৭৯ হাজার নয়শ’ টাকার আয় ধরা হয়। ব্যয়ও ধরা হয় সমপরিমাণ টাকা।
রাজাপুরে বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ী নিহত
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর গ্রামে শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাদল হোসেন (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় পল্লী বিদ্যুতের কর্মচারী শহীদুল ইসলাম (২৭) ও মোহতারিম (২৫) গুরুতর আহত হয়েছেন। বাদল একই এলাকার মোকলেছুর রহমানের পুত্র।
বেলকুচিতে রেণু অবমুক্ত কার্যক্রম উদ্বোধন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ বেলকুচিতে প্রকৃত জলাশয়ে মাছের উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে বিল নার্সারী রেণু অবমুক্ত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলার বাওগান, খাপসির খালে রুই, কাতলা ও মৃগেল জাতীয় মাছের রেণু অবমুক্তকরনণ উপলক্ষে বেলকুচি উপজেলা চত্বরে মত্স্য চাষীদের মাঝে মাছের রেণু বিতরণ করেন মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এমপি।
আড়াইহাজারে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময়
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা ফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার উপজেলার বিশনন্দী কাজী অফিস মিলনায়তনে বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশনন্দী ইউনিয়ন নিকাহ রেজিস্টার মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ হান্নান, ফেয়ার সোসাইটির সভাপতি আবুল হোসেন, থানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আলাউদ্দিন মেম্বার।
শিবালয়ে জাতীয় কবির জন্মবার্ষিকী পালন
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে নজরুল সাহিত্য গবেষণা ভিত্তিক সংগঠন শিবালয় নজরুল-প্রমীলা ইনস্টিটিউট শনিবার আরিচাস্থ বিউটি বিড়ি ফ্যাক্টরি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিশিষ্ট শিল্পপতি মোঃ ইছাক মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সন্মানিত অতিথি ছিলেন সমাজকর্মী আরুয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শুকুর আলী শিকদার, নজরুল অনুরাগী এমএ রশীদ নওয়াব, প্রকৌশলী নজরুলপ্রেমী ভূপতী মোহন রায়।