সংলাপ চাইলে হরতাল বন্ধ করে আলোচনার পরিবেশ সৃষ্টি করুন

বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেছেন, সত্যিকার অর্থে সংলাপ চাইলে হরতাল বন্ধ করে আলোচনার পরিবেশ সৃষ্টি করুন। কারণ সংলাপ আর হরতাল এক সঙ্গে চলতে পারে না। প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে হরতাল বন্ধ করে সংলাপে অংশগ্রহণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে আসার জন্য তিনি খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশবাসীকে হরতাল-নৈরাজ্যের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আয়োজিত ‘সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান, মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুণ সরকার রানা, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক জয়ন্ত আচার্যের সম্পাদিত মহাজোট সরকারের ৪ বছরের উন্নয়ন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।