জাতীয় জাদুঘরে নজরুলের স্মৃতি নিদর্শনের প্রদর্শনী
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫৩
রবিবার থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বই, আলোকচিত্র ও স্মৃতি নিদর্শনের ৬ দিনব্যাপী বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৯০টি নিদর্শন ও ১৪টি আলোকচিত্র এবং নজরুল ইন্সটিটিউটের ২টি নিদর্শন, ৬৪টি আলোকচিত্র ও ১০০টি বই স্থান পেয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠা বার্ষিকীর দুই বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং নজরুল ইন্সটিটিউট যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। বেলা ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস প্রধান অতিথি থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় ড. রনজিত্ বলেন, ‘নজরুল মানবতার কবি, অসাম্প্রদায়িক কবি। জাদুঘরের এ বিশেষ প্রদর্শনী নজরুলের অসাম্প্রদায়িক চেতনা জনগণের মাঝে সঞ্চারিত করবে।’ জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কথা সাহিত্যিক রশীদ হায়দার এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস।
কথা সাহিত্যিক রশীদ হায়দার বলেন, ‘সৃষ্টি কোন জাতি বা গোষ্ঠীর নয় সমগ্র মানব জাতির। তাই নজরুলের সৃষ্টিও সমগ্র মানব জাতির।’
জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, ‘নজরুলের স্মৃতি নিদর্শন আমাদের জাতীয় চেতনাকে বেগবান করবে, এ প্রদর্শনীর মাধ্যমে আগামী প্রজন্ম নজরুলকে আরো বেশি করে জানার সুযোগ পাবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রবিবার বিকাল সাড়ে ৫টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজন করা হয়েছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, আগামী ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার চলবে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং বৃহস্পতিবার জাদুঘরের সাপ্তাহিক ছুটির দিন প্রদর্শনীও বন্ধ থাকবে।