আগামী ঈদ পর্যন্ত সওজ অধিদপ্তর কর্মকর্তাদের ছুটি বাতিল

আগামী ঈদ পর্যন্ত মাঠ পর্যায়ে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তরের সকল কর্মকর্তা, প্রকৌশলী ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। এ সময় কর্মকর্তা ও প্রকৌশলীদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করতে হবে। তবে জরুরি প্রয়োজনে ছুটির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন প্রয়োজন হবে। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের রবিবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ অব্যাহত রাখা, অগ্রাধিকার নির্ধারণ এবং আসন্ন রমজানের ঈদে ঘরমুখো মানুষের চলাচল সহজতর করতে আগাম প্রস্তুতিমূলক জরুরি সভাশেষে সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যোগাযোগ মন্ত্রণালয় থেকে জরুরি মেরামত কার্যক্রম ও মোবাইল ইউনিটের কাজ তদারক করতে ১৯টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। এ সকল টিম আগামী তিন মাস মাঠপর্যায়ে কার্যক্রম তদারক করবে। সভায় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করসহ মন্ত্রণালয় ও সওজর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।