ইন্টারনেটের গতি বৃদ্ধির সুপারিশ

দেশে আন্তর্জাতিক অন্তর্গামী ও বহির্গামী কল মিনিটের পরিমাণ ৬ কোটির উপরে উন্নীত করা এবং ইন্টারনেটের গতি কোন সময় না কমিয়ে বরং বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সমপর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, হুইপ আ স ম ফিরোজ, মো. আব্দুল কুদ্দুস এবং মোয়াজ্জেম হোসেন রতন অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সাভারের বহুতল ভবন রানাপ্লাজা ধস এবং দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনসহ তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের আশু আরোগ্য কামনা করা হয়। বৈঠকে বিটিসিএল-এর চলমান উন্নয়ন প্রকল্পের সর্বশেষ মার্চ/২০১৩ পর্যন্ত অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি আরো ত্বরান্বিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করতে মনিটরিং জোরদার করার সুপারিশ করা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারদের কাছে মার্চ/২০১৩ পর্যন্ত বকেয়ার পরিমাণ ও রাজস্ব আহরণের প্রতিবেদন বৈঠকে উপস্থাপন ও বিস্তারিত আলোচনা হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারদের কাছ থেকে সকল প্রকার বকেয়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। অবৈধ কল টার্মিনেশন প্রতিরোধে বিভিন্নসময়ে গৃহীত পদক্ষেপ ও অভিযানের বিবরণ এবং এ সংক্রান্ত মামলাসমূহের সর্বশেষ অগ্রগতি সংক্রান্ত তথ্য বৈঠকে উপস্থাপন ও আলোচনা হয়। সকল প্রকার অবৈধ টার্মিনেশন প্রতিরোধ করতে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করার জন্য বিটিআরসিকে সুপারিশ করা হয়। বৈঠকে বিটিসিএল ও বিটিআরসি’র কাজের গতি ত্বরান্বিত করতে প্রতিষ্ঠানদ্বয়ের সকল শূন্য পদ পূরণের সুপারিশ অতিদ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়।