মান নিয়ন্ত্রণের ব্যবস্থা ছাড়া পানি বোতলজাত, ৩ প্রতিষ্ঠান সীলগালা

মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা ছাড়াই রাজধানীতে পানি খোলা ও নোংরা পরিবেশে বোতলজাত করে উত্পাদন, বিক্রয় ও বিতরণ করছে কোন কোন প্রতিষ্ঠান। গত শনিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ ধরনের কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিক হাসান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গোপীবাগ ও মেরাদিয়া এলাকায় এরকম ৩টি অবৈধ প্রতিষ্ঠানে অভিযান চালায়। অভিযানকালে বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতীত মান নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা ছাড়াই পানি খোলা ও নোংরা পরিবেশে বোতলজাত করে উত্পাদন, বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স ভাইটাল ড্রিংকস সীলগালা এবং মালিক জেসমীন আকতারের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। পরে যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে মেসার্স বিক্রমপুর ফুড প্রোডাক্টস সীলগালা ও মালিক হুমায়ুন কবীর (পলাতক) বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ম্যানেজার আব্দুর রহমান মানিককে ৬ মাসের কারদণ্ড দেয়া হয়। পরে একই অপরাধে হায়াত কর্পোরেশন সীলগালা ও মালিক মোঃ মহসীন হোসেনের (পলাতক) বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। উল্লেখ্য, এই প্রতিষ্ঠানসমূহ কয়েক দিন আগে সীলগালা করা হলেও তা অমান্য করে আবার বোতলজাত পানি উত্পাদন, বিক্রয় ও বিতরণ করছিল।