‘বরিশালে হিরনই ১৪ দলের একক প্রার্থী’
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫৪
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিসিসি নির্বাচনে শওকত হোসেন হিরনই ১৪ দলের একক প্রার্থী। এ সিদ্ধান্তের বিরুদ্ধে কোন দুষ্কৃতকারী দলের নাম ভাঙ্গিয়ে ফায়দা লোটার চেষ্টা করলে দলীয়ভাবেই তা প্রতিহত করা হবে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন বা নানা ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
গতকাল রবিবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মতবিনিময় সভায় বাহাউদ্দিন নাছিম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সমর্থন দিয়েছেন তার পক্ষে ১৪ দলের নেতা-কর্মীরা কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিগত দিনে শওকত হোসেন হিরন’র কর্মদক্ষতায় বরিশালের উন্নয়নকে বিশ্বাস করলে দলের সিদ্ধান্ত মেনে নিয়ে তার পাশে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। বাহাউদ্দিন নাছিম বলেন, শওকত হোসেন হিরন আগামীতে মেয়র নির্বাচিত হলে তিনিই একমাত্র পারবেন বরিশালকে দেশের শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তুলতে।
গতকাল বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন প্রথমে বিগত দিনের ভুলত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন আগামী ৫ বছর মেয়র হিসেবে দায়িত্ব পেলে এ নগরী নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। তিনি বলেন, ৪১ বছর পর আমিই মুক্তিযোদ্ধা পার্ক নির্মাণসহ মুক্তিযোদ্ধাদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছি। মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসংস্থান বৃদ্ধি করার আশ্বাস দিয়ে হিরন বলেন, ইতিমধ্যেই মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করা হয়েছে। আগামীতে আমি মেয়র হতে পারলে মুক্তিযোদ্ধাদের দাবি অনুযায়ী তাদের জন্য একটি পৃথক কবরস্থান নির্মাণ করবো। মুক্তিযোদ্ধাদের উদ্দেশে হিরন বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল ব্যক্তিবর্গকে নিয়ে আপনারা আমার জন্য কাজ করুন। আমি মেয়র নির্বাচিত হলে আপনাদের জন্যই কাজ করবো।
সভায় সভাপতিত্ব করেন মোকলেছুর রহমান। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম, মাহাবুব উদ্দিন আহম্মেদ (বীর বিক্রম), মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), বীর মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু প্রমুখ।
হিরনকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি জেপি
জাতীয় পার্টি জেপি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনকে সমর্থন দিয়েছে। নির্বাচন নিয়ে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা করেন মহানগর জেপি’র আহবায়ক ডা. মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব শেখ মো. রফিকুল ইসলাম টুকু, যুব সংহতির আহবায়ক আব্দুর রশিদ মৃধা, সদস্য সচিব আজাদুর রহমান নান্টু, স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক আওরঙ্গজেব চাঁন, মহিলা পার্টির সভানেত্রী মোসা. আলেয়া পারভীন, ফরিদা ইসলাম পাতাসহ অন্য নেতৃবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরনকে বরিশালের উন্নয়নের স্বার্থে পুনরায় নির্বাচিত করার জন্য সমর্থন প্রদান করা হয়। মহানগর জেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে নগরীর ৩০টি ওয়ার্ডের নেতা-কর্মীদের হিরনের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।