লিটন-বুলবুল ফের মুখোমুখি

গতকাল রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিন আরো দুই মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন: জামায়াত নেতা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মীর মোজাম্মেল আলী। এর আগে গত ২১ মে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন মেয়র পদের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৩-এ। এরা হলেন: নাগরিক কমিটি মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান। অন্যদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন রবিবার একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী এবং ১৫জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে কাউন্সিলর পদে চূড়ান্ত প্রার্থী সংখ্যা দাঁড়ালো ২২০-এ। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সংখ্যা ৬৬ এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী সংখ্যা ১৫৪ জন। এদিকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা মূলত তিনজন হলেও ভোটের লড়াইয়ে আবারো এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল মুখোমুখি হচ্ছেন বলে স্পষ্ট হয়ে উঠেছে। আজ সোমবার প্রতীক বণ্টনের পরই তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এ জন্য উভয়ের সমর্থকরা নির্বাচনী অফিস ও ক্যাম্প স্থাপনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। বসে নেই সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরাও। প্রতীক পেলে তারাও আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়বেন বলে জানান। জানা যায়, বিগত ২০০৮ সালের রাসিক নির্বাচনেও মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মোসাদ্দেক হোসেন বুলবুল। উভয়ের ভোটের ব্যবধান ছিল ২৩ হাজার ৮১০। তালা মার্কা নিয়ে এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছিলেন ৯৮ হাজার ৩৬০ ভোট। অন্যদিকে বাঘ মার্কা নিয়ে মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছিলেন ৭৪ হাজার ৫৫০ ভোট। এ হিসাবে উভয়ে আবারো পরস্পরের শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে। আসন্ন নির্বাচনে ভোটের লড়াইয়ের বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন সদ্য সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৮ দলীয় জোটের শরিক জামায়াত নেতা ডা. জাহাঙ্গীরের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, এমন হবে তা আগে থেকেই বোঝা গিয়েছিল। তাই এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি ও তার সমর্থকরা। কেবল দলীয় পরিচয় নয়, স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রার্থী নিজ যোগ্যতায় প্রতিদ্বন্দ্বিতায় আসবেন বলেও মনে করেন তিনি। এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দল বা জনগোষ্ঠী নয়, জনসমর্থনই মূল ফ্যাক্টর বলে মন্তব্য করেন তিনি। অপরদিকে ডা. জাহাঙ্গীরের মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে বিএনপি’র যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, এ বিষয়ে আজ সোমবার (২৭ মে) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র প্রার্থী বুলবুলকে জামায়াতের আনুষ্ঠানিক সমর্থনের কথাও ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী, আজ সোমবার প্রতীক বরাদ্দ এবং আগামী ১৫ জুন ভোট গ্রহণ করা হবে। রাসিক নির্বাচন চূড়ান্ত প্রার্থী: মেয়র পদে তিন সাধারণ কাউন্সিলর ১৫৪ সংরক্ষিত কাউন্সিলর ৬৬