গাজীপুরে আরেক মেয়র প্রার্থী বিএনপির কায়সার
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৫৬
গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার। রবিবার দুপুরে শহরের নিজ বাসভবনে আহূত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
কায়সারকে নিয়ে বিএনপি থেকে মেয়র পদে মনোনয়ন পেতে আগ্রহীর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। অন্য তিন আগ্রহী প্রার্থী হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার ও জেলা বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সরকার।