জনমনে সংশয়-শঙ্কা

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ-উত্তেজনা প্রশমিত করিবার সত্যিকারের কোন উদ্যোগ সরকারি বা বিরোধী জোটের আছে কিনা উহা লইয়া জনমনে সন্দেহ, সংশয় ও আস্থাহীনতা দেখা দিতেছে। আমাদের রাজনৈতিক অঙ্গনে তাপ-উত্তাপ যেহারে বৃদ্ধি পাইতেছে তাহাতে গোটা জাতিই অনিশ্চয়তার পদধ্বনি শুনিতে পাইতেছে। সরকারি ও বিরোধী দলের মধ্যে সংলাপ অনুষ্ঠানের খানিক আশা সম্প্রতি জাগিয়া উঠিয়াছিল। ইহাকে সুড়ঙ্গের শেষ প্রান্তে কিছুটা আলোক রেখা হিসাবে চিহ্নিত করার খানিক তাগিদও অনেকে বোধ করিয়াছিলেন। কিন্তু অবস্থাদৃষ্টে এখন মনে হইতেছে যে, বিধি বাম। কেননা, সংলাপের সম্ভাবনা আবারও উভয় পক্ষের নানা প্রকার অপরিণামদর্শী কথাবার্তা, বাচনভঙ্গি ও আক্রমণ পাল্টা আক্রমণের ঘেরাটোপে বন্দী হইয়া পড়িয়াছে। সংলাপের পরিবেশ সৃষ্টির জন্য যাহা যাহা প্রয়োজন তাহা আদৌ বিদ্যমান কিনা উহাও এক বড় প্রশ্নই বটে! তবে রাজনৈতিক অঙ্গনের এই অনিশ্চয়তা যে জনমনে দারুণ শঙ্কা ও ভীতির সঞ্চার করিতেছে উহাতো বলাই বাহুল্য! তাহাছাড়া, এই অনিশ্চয়তার কালো মেঘে দেশের অর্থনীতিও যে ঢাকা পড়িয়া যাইতেছে ইহাতে কোনই সন্দেহের লেশমাত্র নাই। রাজনৈতিক অনিশ্চয়তা দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের উপরও যেমন ভয়াবহ প্রভাব বিস্তার করে তেমনি আবার দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও ইহাতে বিপন্ন হয়। এমনই এক সংকটপূর্ণ আবর্তের মধ্যে গোটা জাতি নিমজ্জিত হইতে চলিয়াছে। এই পরিবেশে আদৌ নির্বাচন হইবে কিনা; শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যাইবে কিনা এইসব বিষয়ে জনগণের মনে দারুণ অনিশ্চয়তা পরিলক্ষিত হইতেছে। সরকারি ও বিরোধী দলের নেতৃবৃন্দের বিভিন্ন কথাবার্তা ও উচ্চারণ পরিস্থিতিকে জটিলতর করিয়া তুলিতেছে। সংলাপ হইবে, সংলাপ হইবে না, তত্ত্বাবধায়ক মানিতে হইবে, তত্ত্বাবধায়ক মানিব না, অন্তর্বর্তী সরকারের রূপরেখা লইয়া আলোচনা চলিতে পারে, চলিতে পারে না—এইরূপ বাক্-বিতণ্ডার পরিণতি কি হইতে পারে ইহাই এখন সকলের জন্য সর্বাপেক্ষা বড় দুশ্চিন্তার কারণ। উভয় পক্ষের নেতাদের কথায় ও কাজে এই যে পরস্পর বিরোধিতা ইহা সন্দেহাতীতভাবে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের পথে বিরাট অন্তরায়। এই জাতীয় পরস্পর বিরোধী রাজনীতির কথামালা জনসাধারণের জন্য কোন সম্ভাবনার দ্বারতো উন্মুক্ত করেই না, বরং তাহাদেরকে হত্যোদ্যম করিয়া দেয়, অনিশ্চয়তার মধ্যে ঠেলিয়া দেয়! এইভাবে অমানিশার ঘোর আবর্তে সবকিছু তলাইয়া যাইতে থাকিলে জনগণের জন্য আদৌ কোন প্রবোধ থাকে কী! দেশের সার্বিক পরিস্থিতির ক্ষেত্রে এই যে অনিশ্চয়তা বিরাজ করিতেছে কিংবা পরিস্থিতি ‘আনপ্রেডিকটেবল’ হইয়া উঠিতেছে ইহা হইতে পরিত্রাণের উপায় কী, জনগণ উহা জানিতে চাহে। এই পরিস্থিতি হইতে উত্তরণের কোন পথ যদি দেশের প্রাজ্ঞ ও বিজ্ঞ ব্যক্তিবর্গ বাতলাইতেই না পারেন তাহা হইলে তো শঙ্কা, আশঙ্কা ও ভয়-ভীতিপূর্ণ এক পরিবেশ গোটা জাতিকে গ্রাস করিতে বাধ্য। আর সেইক্ষেত্রে জাতির জন্য দেখা দিবে অনিশ্চিত ভবিষ্যত্ ও অনির্দিষ্ট মুক্তির কাল। সমুদ্র অভিমুখী নদী যেমন সহসা মরুস্তরে ব্যাহত হয়, আমাদেরও যেন সেইরূপ দশা হইয়াছে। এইখানে ‘কেহ কারে নাহি জিনে সমানে সমান’ এই নীতি-কৌশলেরই পরাকাষ্ঠা চলে। দেশের বিপুল সম্ভাবনাময় অর্থনীতিকে কাজে লাগাইয়া অচিরেই স্বপ্নের সিংহদ্বারে উপনীত হইবার যে নৈতিক তাগিদ সংশ্লিষ্ট সকল মহলেই সৃষ্টি হওয়া বাঞ্ছনীয় ছিল দুর্ভাগ্যজনক হইলেও সত্য যে, উহা হয় নাই! ইহাদের কেহই ঐ অবশ্যপালনীয় তাগিদ বোধ করিতেছেন বলিয়া মনে হয় না। সংকীর্ণ স্বার্থের যূপকাষ্ঠে নিজেদেরকে বলি চড়াইয়া যে আত্মঘাতী বিচ্যুতির পথে তাহারা পা বাড়াইয়াছেন উহার পরিণাম ভয়াবহ হইতে বাধ্য। আর জনগণের আশংকা ও ভীতির কারণটিও সেইখানে নিহিত। তবে সত্য এই যে, জনগণ সংঘাত, হানাহানি ও হিংস্রতা চাহে না, পছন্দও করে না।