বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি

জ্ঞানে-বিজ্ঞানে কতই না আগাইয়া যাইতেছে পৃথিবী। চন্দ্রে এমনকি মঙ্গল গ্রহেও বসতি স্থাপনের পরিকল্পনা করা হইতেছে গুরুত্ব সহকারে। আবার এই পৃথিবীতেই বিপুল সংখ্যক মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহে অক্ষমতার ফেরে পড়িয়া যাপন করিতেছে মানবেতর জীবন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (আইডিএস) কর্তৃক সদ্য প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন হইতে এই সত্য আরেকবার প্রকাশিত হইয়াছে। জানা গিয়াছে, গত পাঁচ বত্সর ধরিয়া খাদ্যদ্রব্যের ক্রমাগত মূল্যবৃদ্ধির পরিণতিতে দরিদ্র মানুষের জীবন দিনকে দিন কঠিনতর হইতেছে, ভাঙিয়া যাইতেছে প্রচলিত সামাজিক বন্ধনগুলি, বাড়িতেছে মাদকাসক্তি ও অপরাধ প্রবণতা। এইখানে শেষ নহে, বহু মানুষ বাধ্য হইয়া দৈনিক নিয়ম করিয়া একবেলা, কখনো কখনো একাধিক বেলা নিজদিগকে খাদ্যবঞ্চিত করিতেছে। উল্লেখ্য, এখন অবধি বিশ্বের প্রতি আটজনের মধ্যে একজন মানুষ ক্ষুধার্ত অবস্থাতে প্রতি রাত্রে ঘুমাইতে যায়। অক্সফ্যাম ও আইডিএস বিশেষভাবে বাছাই করিয়া বাংলাদেশসহ মোট দশটি দেশে ২৩ ধরনের নগর ও গ্রামীণ সম্প্রদায়ের মধ্যে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও তাহার পরিণতি লইয়া গবেষণা করিয়াছে। অন্য দেশগুলি হইতেছে বলিভিয়া, গুয়াতেমালা, পাকিস্তান, বুরকিনো ফাসো, ইথিওপিয়া, কেনিয়া, জাম্বিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম। এই সমস্ত দেশগুলিতে বত্সরের পর বত্সর ধরিয়া একটানা খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির কারণে অসংখ্য পরিবার সস্তা, নিম্নমানের এমনকি কখনো কখনো পচন ধরা খাবার-দাবার কিনিতে বাধ্য হইতেছে। খাবারের খরচ কুলাইয়া উঠিতে না পারিয়া বিপুল সংখ্যক মানুষ অনিচ্ছা সত্ত্বেও গ্রাম হইতে শহরমুখী হইতেছে। গরীব দেশের শহরগুলির বিপুল অংশ জুড়িয়া বিপুল সংখ্যক বস্তিবাসী মানুষ আলোচ্য গবেষণাটির সত্যতা চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেয়। গবেষণা বলিতেছে, এই ব্যর্থতার প্রভাব সরাসরি সমাজদেহের উপরেও পড়িতেছে। প্রয়োজনীয় পরিমাণে খাদ্য সংগ্রহের ব্যর্থতার পরিণতিতে দরিদ্র পরিবারগুলিতে সহিংসা বাড়িতেছে, বাড়িতেছে মদ্যপানের অভ্যাস ও মাদকাসক্তি। উল্লেখ করিবার মত আরেকটি বিষয় এই যে, বত্সরের পর বত্সর ধরিয়া খাদ্যদ্রব্যের মূল্য বাড়িতে থাকিলেও, অনিশ্চিত মূল্য প্রাপ্তি ও উত্পাদন খরচ ব্যাপকভাবে বাড়িয়া যাইবার কারণে কৃষক সম্প্রদায়ের একটি অংশ বাধ্য হইয়া পূর্ব অভিজ্ঞতাহীন নানা ধরণের অপ্রচলিত কাজকর্মের দিকে ঝুঁকিতে বাধ্য হইতেছে। নূতন গবেষণার ফলটি উন্নয়নশীল দেশগুলির রাজনীতির এলিটেরা গভীর গুরুত্বের সাথে বিবেচনাতে লইলে যে ভালো হইবে তাহা বলাইবাহুল্য। কিন্তু তাঁহারা সেইদিকে যাইবেন কিনা তাহা নিশ্চিত করিবার ক্ষমতা স্বাভাবিকভাবেই গবেষণাকারীদের হাতে নাই। বিশেষ করিয়া যেই সমস্ত দেশে খাদ্য উত্পাদনের বিষয়টির মধ্যে ভোটের রাজনীতির হিসাব-নিকাশ ঢুকিয়া যায় সেই সমস্ত দেশের ক্ষমতাসীনদের জন্য বিশেষজ্ঞ মতের ভিত্তিতে অগ্রসর হওয়া দুষ্কর বৈকি। কেননা পূর্ববর্তী বত্সরের তুলনায় চলতি বত্সরে খাদ্য উত্পাদন বাড়াইবার চমক সম্বল করিয়াই তাহার দায়িত্ব সাঙ্গ করিতে চাহেন কিংবা জনমনে চমক সৃষ্টি করিয়া সমর্থন বাড়াইতে উদ্যোগী হইয়া থাকেন। কিন্তু বাস্তবতা এই যে খাদ্য উত্পাদন বাড়িলেই খাদ্যদ্রব্য সর্বসাধারণের নাগালের মধ্যে চলিয়া আসে না, ক্ষুধার যন্ত্রণা কমিয়া যায় না। আমরা এমন এক পৃথিবীতে বাস করিতেছি যেইখানে খাদ্যের চূড়ান্ত অপচয় ও খাদ্য ক্রয়ে সামর্থ্যের অভাবে জীবনযাত্রা থমকাইয়া যাইবার মত বেদনাদায়ক ঘটনা সমানতালে চলিতেছে।