বস্ত্র দপ্তরে শিল্প-কারখানা সম্পর্কিত কার্যক্রম!
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২২:০৩
সম্প্রতি বস্ত্র ও তৈরি পোশাক শিল্প-কারখানা সম্পর্কিত সকল প্রকার কাজ যেমন নতুন মেশিন আমদানির ক্ষেত্রে মেশিন তালিকা সংশোধন, মোট মূলধন সংশোধন, মালিকানা পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, এডহক আইআরসি নিয়মিতকরণসহ নানা ধরনের কাজ বর্তমানে বিনিয়োগ বোর্ড থেকে বস্ত্র দপ্তরে স্থানান্তর করা হয়েছে। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এই প্রক্রিয়া স্থানান্তর করার আগে বেশি পরিকল্পনা ও প্রস্তুতির প্রয়োজন ছিল। বর্তমানে বস্ত্র ও তৈরি পোশাক শিল্প-কারখানা সম্পর্কিত কোনো কাজ বিনিয়োগ বোর্ড করতে পারবে না কিন্তু বস্ত্র দপ্তরও এখনো দাপ্তরিকভাবে বিনিয়োগ বোর্ড বস্ত্র ও তৈরি পোশাক শিল্প-কারখানা সম্পর্কিত যে ধরনের কাজ বা সেবা দিতো সে ধরনের কোনো রকম কাজ সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেনি বা পদক্ষেপ নেয়নি। অথচ এই ধরনের নানা কাজ কোনো না কোনো বস্ত্র ও তৈরি পোশাক শিল্প-কারখানার প্রয়োজন হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু প্রয়োজনীয় মেশিন আমদানির ক্ষেত্রে মেশিন তালিকা সংশোধন, মোট মূলধন সংশোধন, মালিকানা পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, এডহক আইআরসি নিয়মিতকরণসহ নানা ধরনের কাজ সম্পন্ন না করায় অনেক বস্ত্র ও তৈরি পোশাক শিল্প-কারখানা নানা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেইসঙ্গে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিল্প-কারখানার উত্পাদন প্রক্রিয়া। যা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রগতির জন্য হুমকি স্বরূপ। বিষয়টির প্রতি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
হেলাল,
আশকোনা বাজার, ঢাকা