হরতাল ডেকে গাড়িতে ঘুরলেন বিএনপি নেতা-কর্মীরা!
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২২:২৫
নির্বাচনী ডামাডোলে গতকাল রবিবার অনেক জায়গায় ১৮ দলের ডাকা হরতাল হয়নি। বরিশালে হরতাল ডেকে উল্টো জেলা বিএনপির শীর্ষ নেতারা নিজেরাই দিনভর গাড়িতে ঘুরে বেড়িয়েছেন। এমনকি মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি’র নেতৃত্বে শহরে মোটরসাইকেল শোভাযাত্রাও হয়েছে। এদিকে হরতালে চট্টগ্রামেও জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি।
বরিশাল অফিস জানায়, সিটি নির্বাচনকে কেন্দ্র করে হরতাল আহবানকারী বিএনপি ও শরীক জোটের নেতারা দলীয় প্রার্থী নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকায় নগরীতে হরতালের কোনো প্রভাব পড়েনি। বিএনপি’র নেতা-কর্মীরাই হরতাল উপেক্ষা করে নগর চষে বেড়িয়েছেন যানবাহনে করে। ভোরে সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ঢাকা থেকে নৌপথে বরিশালে পৌঁছে মাইক্রোবাস যোগে নিজ বাসভবনে পৌঁছান। তাকে লঞ্চঘাট থেকে বাসায় পৌঁছে দিতে নেতা-কর্মীরা বিশাল মোটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে সদর রোড অতিক্রম করেন।
মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান মোটর বাইক নিয়ে। বিএনপি’র অপর বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছে মাইক্রোবাসে উঠে মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান। তার সাথে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ অসংখ্য নেতা-কর্মী বিভিন্ন যানবাহনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান।
বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মীরা হরতালের পিকেটিংয়ের পরিবর্তে নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত ছিলেন। যারা বিগত দিনে হরতালে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন তারাই গতকাল নিজেরা বিভিন্ন যানবাহনের আরোহী হয়ে দৌড়ঝাঁপ করেছেন। সকালে নগরীর নাজিরের পোল থেকে একটি মিছিল বের করেই হরতালের দায়িত্ব শেষ করেন বিএনপি নেতা-কর্মীরা।
চট্টগ্রাম অফিস জানায়, হরতালে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। কয়েকটি স্থানে বিএনপি মিছিল বের করলেও নগরীর জীবনযাত্রা ছিল স্বাভাবিক। সকাল যাত্রীবাহী বাস, রিকশা ও অটোরিকশা চলাচল করেছে। তবে দূরপাল্লার কোন যানবাহন শহর ছেড়ে যায়নি। তবে স্বাভাবিকের চেয়ে যানবাহন কম হওয়ায় কর্মজীবীসহ সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। নগরীর অফিস, আদালত, ব্যাংক-বীমার কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। রেল চলাচল ছিল স্বাভাবিক। বন্দরে পণ্য উঠা-নামার কাজও হয়েছে।