বরগুনা পটুয়াখালীতে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

ঘূর্ণিঝড় ‘মহাসেন’র আঘাতের পর এবার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বরগুনার উপকূলীয় এলাকা। গত ২৪ ঘণ্টায় জোয়ারের পানির তোড়ে জেলা সদরসহ বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত দেড় হাজার পরিবার। এছাড়া বাঁধ ভেঙে ও জোয়ারের পানিতে পটুয়াখালীর গলাচিপা ও কলাপাড়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিকে টানা বর্ষণে মাদারীপুরের কালকিনিতে ৮ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফরিদপুরের সালথা উপজেলায় পাট ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাতিয়া নদী তীরে শত শত হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে যাওয়ায় বোরো কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি জানান, রবিবার সকালে বরগুনার সদর উপজেলার নিশানবাড়িয়া, নলটোনা, ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী এলাকা ঘুরে দেখা যায়, ওই এলাকার বাঁধের প্রায় ১০০ মিটার অংশ জোয়ারের তোড়ে ভেসে আশপাশের পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। গ্রামগুলোর বাসিন্দারা অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে আশ্রয় কেন্দ্র ও বাঁধের ওপরে আশ্রয় নিয়ে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগী আফজাল হোসেন অভিযোগ করেন, সিডরের পর পানি উন্নয়ন বোর্ড দায়সারা ভাবে বাঁধটি নির্মাণ করে। এর আগে বেশ কয়েকবার বাঁধটি ধসে গেলে স্থানীয়রা তা মেরামত করে কোনমতে ফসল রক্ষা করেন। কিন্তু এবার পানি বেশি বাড়ায় আর শেষ রক্ষা হয়নি। এছাড়া জেলার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদের কুড়িটিরও বেশি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে বরগুনার দেড় হাজারের বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। অস্বাভাবিক জোয়ারে গতকাল সকালে আমতলী-বরগুনা, বরইতলা-বাইনচটকি ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে বরগুনার সঙ্গে আমতলীর সড়ক যোগাযোগ তিন ঘণ্টা বন্ধ ছিল। পানি উন্নয়ন বোর্ড-এর জেলা কার্যালয় সূত্র জানায়, সিডরের পর বরগুনার প্রায় ২৭০ কি.মি. বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। বাঁধ মেরামতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ বলেন, গত কয়েকদিন ভারী বর্ষণ হয়েছে ও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বরাদ্দ না পেলে এসব বাঁধ সংস্কার করা সম্ভব হবে না। বরগুনা (উত্তর) প্রতিনিধি জানান, নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা শহরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। গতকাল শহরে হাঁটু পানি ওঠায় বিড়ম্বনায় পড়েন ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতা ও পথচারী। এছাড়া বেড়িবাঁধের বাইরে বসবাসকারীদের বসতঘর দুই থেকে তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে। এসব এলাকার মানুষ বেড়িবাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পূর্ণিমার প্রভাবে জোয়ারের প্রবল চাপে পানি উন্নয়ন বোর্ডের ৫৫/১ নম্বর পোল্ডারের গলাচিপা শহর রক্ষা বাঁধের তেঁতুলতলা বাজারের দক্ষিণ পাশের অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশ দিয়ে তীব্র বেগে প্রবেশ করছে পানি। এছাড়া গলাচিপা-কলাগাছিয়া সড়ক উপচে এবং গত তিন বছর পূর্বে নির্মিত রিং বাঁধটির বিভিন্ন স্থানে অনেকগুলো সুড়ঙ্গ সৃষ্টি হওয়ায় এসব স্থান দিয়ে পানি ঢুকে পড়ছে। এতে ডাকুয়া ইউনিয়নের আটখালী, হোগলবুনিয়া গ্রামের রবি ফসল ও আউশ ক্ষেত প্লাবিত হয়েছে। এলাকাবাসী জানান, বাঁধে ভাঙ্গন ঠেকাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে যে কোন সময় জোয়ারের পানিতে গলাচিপা পৌর শহর, সদর ইউনিয়ন, ডাকুয়া, পানপট্টি ও রতনদি তালতলী ইউনিয়ন তলিয়ে যেতে পারে। কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে পৌর শহরের ফেরিঘাট, হেলিপ্যাড, মাছ বাজার, পুরান বাজার, লঞ্চ ঘাট, গোডাউন ঘাট, শ্মশানঘাটসহ উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এছাড়া জোয়ারের পানিতে কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া, হাজিপুর ও মহিপুরের তিনটি ফেরিঘাটের গ্যাংওয়ে ৪/৫ ফুট পানির নিচে তলিয়ে থাকায় প্রতিদিন জোয়ারের সময় চার ঘণ্টা করে সড়ক যোগাযোগ বন্ধ থাকছে। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন পর্যটকসহ সাধারণ মানুষ। কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা জানান, টানা বর্ষণে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার প্রায় ২০টি বিলের ১২ হাজার ৬০০ হেক্টর ইরি-বোরো ধান ক্ষেতের মধ্যে ৮ হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। টানা বর্ষণের আগে ৮-১০ শতাংশ ধান কেটে বাড়িতে তুলতে পারলেও শুকানোর অভাবে সে ধানে অঙ্কুর গজিয়ে যাচ্ছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে তলিয়ে যাওয়া জমির পরিমাণ কম দেখানো হলেও কৃষকরা তা অস্বীকার করেছেন। কৃষক আব্দুল কুদ্দুস বেপারী, রহমান হাওলাদার, করিম সরদার, নিধন হালদার, আশিষ বাড়ৈ, ফজর আলী জানান, ‘ইরি-বোরো ধান চাষ করতে শতাংশ প্রতি ৬-৭ শত টাকা খরচ হইছে। তারপর আবার ঝড়-বৃষ্টিতে ধান পইড়া গেছে এবং পানিতে তলাইয়া গেছে। এহন আমরা নিঃস্ব হইয়া গেছি। এই পানি কবে নামবো কে জানে। যদি দুই-এক দিনের মধ্যে পানি নামে তা হইলে কিছু ধান ঘরে উডাইতে পারুম। আর যদি পানি না নামে তা হইলে এ বছর পোলাপান লইয়া না খাইয়া থাকতে হইবো।’ কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রবল বর্ষণে ৪০ শতাংশ জমি পানির নিচে তলিয়ে গেছে। বোরো ধানের ২০ শতাংশ ক্ষতি হয়েছে।’ মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, ‘আসলে এখনও কৃষকের তেমন ক্ষতি হয়নি। জমিতে যে ধান রয়েছে তা পানি নামার পর উত্তোলন করতে পারবে। আমরা বিভিন্ন বিলে ঘুরে কৃষককে পানি নামার পর ধান তোলার পরামর্শ দিচ্ছি।’ ফরিদপুর প্রতিনিধি জানান, টানা বর্ষণে চলতি মৌসুমে পাট ও বোরো ধানের ব্যাপক ক্ষতির কারণে বিপাকে পড়েছে সালথা উপজেলার কৃষক। কৃষক তার চাষাবাদের খরচ তুলতে পারবেন কিনা তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের পাট ও ধান চাষিদের মধ্যে বিরাজ করছে এক ধরনের হাহাকার। কৃষকরা জানান, আগামী কয়েকদিন টানা খরা না পেলে এই ফসল আর ঘরে তোলা যাবে না। উপজেলার কয়েকটি ইউনিয়নের ফসলি জমিতে ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে ২-৩ হাত পানি জমে গেছে নিচু জমিগুলোতে। রঘুয়ারকান্দি গ্রামের ধান চাষি আকরাম মিয়া বলেন, টানা বৃষ্টিতে আমার ২ বিঘা জমির বোরো ধান তলিয়ে গেছে। পাট চাষি বাসার মিয়া বলেন, আমি আড়াই বিঘা জমি বন্ধক দিয়ে পাট চাষ করেছি। আমার সব জমির পাটই পানিতে তলিয়ে গেছে। হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে ডাকাতিয়া নদী তীরে শত শত কৃষি জমি পানিতে তলিয়ে যায়। সরেজমিনে হাজীগঞ্জ গিয়ে দেখা যায়, লোকজন জমিতে কাজ করতে পারছেন না। ঝড়ো হাওয়ায় জমির পাকা বোরো ধান জমিতে লুটিয়ে পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষক এই কাঁচা ধান কাটতে বাধ্য হয়েছেন। আর মাড়াই করা ধান স্তূপ করে রাখায় চারা গজাচ্ছে। এলাকায় ধান কেনার কোনো বেপারী নেই। সরকারি ক্রয় কেন্দ্র যাতে শিগগির ধান কেনা শুরু করে তার জন্য কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, প্রবল বর্ষণে বরিশালের আগৈলঝাড়ায় ইট ভাটার ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানিতে জোবারপাড় মেসার্স নজরুল ব্রিকসের প্রায় ১৫ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। ভাটার মালিক আলতাফ হোসেন জানান, তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। বেতাগী (বরগুনা) সংবাদদাতা জানান, পূর্ণিমার জোয়ারে বরগুনার বেতাগী উপজেলার আলিয়াবাদ এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে দক্ষিণ কালিকাবাড়ি, কালিকাবাড়ি, আলিয়াবাদ, ভোড়া, বেতমোড়সহ প্লাবিত হয়েছে আরো কয়েকটি গ্রাম। নষ্ট হয়েছে কয়েক হাজার একর ফসলের মাঠ। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৫ হাজার মানুষ। ঘরে ও চুলায় পানি ওঠায় রান্না বন্ধ হয়েছে কয়েকশ পরিবারের। অনেকে রাস্তায়, জেলে নৌকায় ও উঁচু জমিতে আশ্রয় নিয়েছে।