হুমায়ূনকে নিয়ে লেখা বই
দুই প্রকাশককে শাওনের লিগ্যাল নোটিস
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০২
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুপূর্ব ঘটনা নিয়ে প্রকাশিত বইয়ে অসত্য তথ্য রয়েছে এমন অভিযোগে দুই প্রকাশককে লিগ্যাল নোটিস দিয়েছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। নিউইর্য়কের মুক্তধারার স্বত্বাধিকারী বিশ্বজিত সাহা এবং ঢাকার বাংলা প্রকাশের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. মেহেদী হাসানের বিরুদ্ধে এই লিগ্যাল নোটিস দেয়া হয়েছে। শাওনের পক্ষে লিগ্যাল নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
নোটিসে ১৫ দিনের মধ্যে বাজার থেকে ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ শিরোনামে প্রকাশিত বইটি প্রত্যাহার, ধ্বংস এবং অসত্য বক্তব্য প্রকাশের কারণে শাওনের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় দুই প্রকাশকের বিরুদ্ধে বাংলাদেশ এবং আমেরিকায় আইনগত ব্যবস্থা নেয়ার হুমকি দেয়া হয়েছে। সংশ্লিষ্টদের গত ২২ মে কুরিয়ার সার্ভিসে এবং ২৫ মে ই-মেইলে নোটিসটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ অ্যান্ড এসোসিয়েটসের ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
লিগ্যাল নোটিসে বলা হয়, বইটির ৭১ ও ৮৮ নাম্বার পৃষ্ঠাসহ বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ১২ জুন অপারেশনের পর প্লাস্টিকের চেয়ার থেকে পড়ে যান হুমায়ূন আহমেদ। এরপর তার শরীরে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়। এ ঘটনার পর তাকে যখন হাসপাতালে নেয়া হয়, তখন চিকিত্সকের কাছে এ পড়ে যাওয়ার কথা গোপন করা হয়েছে। তার অবস্থা দিন দিন খারাপ হওয়ার এক পর্যায়ে ২১ জুন তিনি আর কথা বলতে পারেননি। বইয়ে লেখা ওই বক্তব্যের সত্যতা প্রমাণের জন্য হুমায়ূন আহমেদের প্লাস্টিকের চেয়ারে বসা একটি ছবি ছাপানো হয়েছে।
এ বিষয়ে নোটিসে বলা হয়, বইয়ে প্রকাশিত এ বক্তব্য আদৌ সত্য নয়। এটা লেখার মাধ্যমে পরোক্ষভাবে হুমায়ূন আহমেদের প্রতি শাওনের দায়িত্বে অবহেলার অভিযোগ উত্থাপন করা হয়েছে। ২১ জুন হুমায়ূন আহমেদ কথা বলতে পারেননি অভিযোগ সত্য নয়। ২১ জুনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল ইসলাম হুমায়ূন আহমেদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া হুমায়ূন আহমেদ চেয়ার থেকে পড়ে যাননি। প্লাস্টিকের চেয়ারে বসা ছবিটি ২০০৮ সালে ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় স্যুটিংয়ের (জোত্স্না ও জননীর গল্প নাটকের স্যুটিং) সময়ে চেয়ারে বসে থাকার ছবি।
নোটিসে আরো বলা হয়, হুমায়ূন আহমেদের মৃত্যুর পর ২০ জুলাই জ্যামাইকার মুসলিম সেন্টারে জানাজা হয়। এ বিষয়ে বইয়ে বলা হয়, ওখানে হুমায়ূন আহমেদের ভাই জাফর ইকবাল ও তার স্ত্রী (ইয়াসমিন হক) উপস্থিত ছিলেন। কিন্তু জানাজায় শাওন ও তার মা তহুরা আলী উপস্থিত থাকলেও বইয়ে তাদের কথা বলা হয়নি। এর মাধ্যমে বইয়ে হুমায়ূন আহমেদের প্রতি শাওনের অবহেলার চিত্র ফুটিয়ে তোলার অপচেষ্টা করা হয়েছে। এছাড়াও বইটির ৯৫, ৯৬ ও ২৫২ নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, হুমায়ূন আহমেদের মৃত্যুর পরে শাওন এবং মাজহারুল ইসলাম বিমানের প্রথম শ্রেণীর টিকেট ছাড়া দেশে আসবে না। এ কারণে হুমায়ূন আহমদের মরদেহ বাংলাদেশে আনতে দেরি হয়েছে। বইয়ে লেখা এ তথ্যও সত্য নয়। এছাড়াও বইটির বিভিন্ন স্থানে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়।