লন্ডনে রানা প্লাজায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০৩
সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়ার দাবিতে গত শনিবার লন্ডনে বিভিন্ন খুচরা পোশাক বিক্রি প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। যেসব ক্রেতা প্রতিষ্ঠানের জন্য রানা প্লাজার পাঁচটি গার্মেন্টস কাজ করতো সেসব প্রতিষ্ঠানের খুচরা বিক্রয় কেন্দ্রের সামনে এ বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা একটি কফিন বয়ে নিয়ে যান। কফিনে লেখা ছিল: ‘বাংলাদেশের কারখানা দুর্ঘটনা: ১১২৭ জনের মৃত্যু’। বিক্ষোভকারীরা মূলত লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের দুটি ফ্যাশনস স্টোর ‘ম্যাংগো’ ও ‘বেনাটন’র সামনে বিক্ষোভ করে। রানা প্লাজায় অবস্থিত কারখানাগুলো এ দুটি প্রতিষ্ঠানের জন্য কাজ করতো। বিক্ষোভকারীদের মতে, ক্রেতারা দুর্ঘটনায় নিহত এবং আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভকারীরা বলেন, দুর্ঘটনায় অনেক শ্রমিকের প্রাণহানি হয়েছে। কেউ আহত হয়েছেন। অনেকে চাকরি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। কিন্তু ভবন ধসের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। বিক্ষোভকারীদের একজন জানান, ঘটনার এতদিন পরেও শ্রমিকদের বেনাটন এবং ম্যাংগো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি। এর মধ্যে বেনাটন শুধু আহত শ্রমিকদের চিকিত্সার জন্য অর্থ ব্যয় করতে রাজি হলেও পুরোপুরি ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।
বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা পরিধান করেছিল কালো কাপড়। অনেকের হাতে ছিল মোমবাতি এবং ফুলের তোড়া। তারা এগুলো নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করে স্টোরের সামনে রেখে দেয়। একই সাথে তারা আশা করেন, রানা প্লাজার মতো এমন দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোন দেশেই যেন না হয়। বেশকিছু বেসরকারি সংস্থা এ বিক্ষোভের আয়োজন করে। সংস্থাগুলো হচ্ছে—ছাত্রদের সংগঠন পিপল অ্যান্ড প্লানেট, ওয়ার অন ওয়ান্ট, সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপ, ফ্রিডম উইদাউট ফিয়ার, ইউকে ফেমিনিস্তা এবং লেবার বিহাইন্ড দ্যা লেভেল।
পিপল অ্যান্ড প্লানেটের কো-অর্ডিনেটর রুথ ফক্স বলেন, ভয়াবহ ওই ঘটনার এক মাস পার হয়েছে। কিন্তু যেসব শ্রমিক বেনাটন এবং ম্যাংগো ব্রান্ডের কাপড় তৈরি করছিল, নিহত সেসব শ্রমিকের ক্ষতিপূরণের দায় তারা নিচ্ছে না। এটি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের তৈরি পোশাক বিক্রি করে কোম্পানি দুটি অনেক মুনাফা করেছে। কিন্তু এত বড় ঘটনার পর তাদের চুপচাপ থাকা মোটেই গ্রহণযোগ্য নয়।