চার সিটির নির্বাচন

মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন অধিকাংশ বিদ্রোহী প্রার্থী

বরিশাল, রাজশাহী, সিলেট ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে গতকাল রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মেয়র পদে অধিকাংশ বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও বরিশালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনকে ম্যানেজ করতে পারেননি দলের শীর্ষ নেতারা। খবর আমাদের ব্যুরো অফিসের। লিটন বাশার, বরিশাল অফিস: বিএনপির দু’মেয়র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চাঁন ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন মনোয়নপত্র প্রত্যাহার করেছেন। বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে ম্যানেজ করা সম্ভব হলেও আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হক খান মামুনকে ম্যানেজ প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মামুন গা ঢাকা দেয়ায় কেন্দ্রীয় নেতাদের সকল চেষ্টা বিফলে যায়। মামুনকে ম্যানেজ করতে কেন্দ ীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম ঢাকা থেকে শনিবার রাতে বরিশালে পৌঁছে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। মোবাইল ফোনে মামুনের সাথে যোগাযোগ করতে না পেরে রাত ১২টায় নাছিমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহম্মদ ইউনুচ এমপি, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ও ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলমের নেতৃত্বে বেশ কয়েকজন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা মামুনের বাস ভবনে যান। কিন্ত গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও মামুনের সাক্ষাত্ মেলেনি। গতকাল মনোনয়ন প্রত্যাহারে শেষ দিনে মাহমুদুল হক খান মামুনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে খান মামুন ইত্তেফাককে জানান, তাকে অপহরণ করে জোর করে মনোনয়ন প্রত্যাহারপত্রে স্বাক্ষর নেয়া হতে পারে এই আশংকায় তিনি আত্মগোপনে রয়েছেন। মামুনকে নিয়ে আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তিনি ভোটের মাঠে গিয়ে দল সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনের তীব্র সমালোচনা করছেন। অন্যদিকে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী কামরুল আহসান শাহীন ও এবায়দুল হক চাঁন মনোনয়নপ্রত্র প্রত্যাহার করে ঘোষণা দিয়েছেন আহসান হাবিব কামালকে সমর্থন দেবেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রির্টানিং অফিসারের কাছে এসে মনোনয়ন প্রত্যাহার করেন কামরুল আহসান শাহীন। তার কিছুক্ষণ পর এবায়দুল হক চাঁনের মনোনয়নপত্র প্রত্যাহারের লিখিত আবেদন নিয়ে হাজির হন তার ছেলে আনসারুল হক চিশতি অনুপ। রির্টানিং অফিসার মজিবুল হক ঐ আবেদনপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। চাঁন মোবাইল ফোনে রির্টানিং অফিসারকে জানান, ছেলেকে দিয়ে তিনি স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন পাঠিয়েছেন। কিন্ত রির্টানিং অফিসার তাকে জানিয়ে দেন, স্বশরীরে প্রার্থী হাজির না হলে প্রত্যাহার পত্র গ্রহণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত হেলিকাপ্টার যোগে ঢাকা থেকে রওনা হয়ে বেলা পৌনে ৩টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছান। সেখানে অপেক্ষমাণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আসান শাহীনসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে সরাসরি রির্টানিং অফিসারের দপ্তরে পৌঁছে মনোনয়ন প্রত্যাহার করেন। হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট অফিস: অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাইকমান্ডের নির্দেশে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপির চার মেয়র প্রার্থীর মধ্যে তিন প্রার্থী ও জামায়াতের এক প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী যেন অনেকটা হাফ ছেড়ে বাঁচলেন। কিন্তু আরিফুল হক একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের কপালে পড়েছে ভাজ। ভোটাররা বলছেন, এখন হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে ১৮ দলীয় জোটের চার প্রার্থী মনোনয়নপত্র তুলে নিলেও শেষ পর্যন্ত নির্বাচনে তাদের ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট নয়। তবে তারা জানিয়েছেন, আরিফের পক্ষে মাঠে কাজ করবেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সমপাদক আবদুল কাইয়ুম জালালী পংকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ ীয় সহ-সভাপতি শামসুজ্জামান জামান এবং সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব। এনামুল হক, খুলনা অফিস: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে তিন মেয়র প্রার্থীসহ ৪৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরমধ্যে গতকাল শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ২৮ জন। তিন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে টিকে রইলেন সদ্য বিদায়ী মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, মহানগর বিএনপির সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও জাতীয় পার্টির (এ) জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু। আনিসুজ্জামান, রাজশাহী অফিস: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আরও দুই মেয়র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন জামায়াত নেতা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মীর মোজাম্মেল আলী। এর আগে গত ২১ মে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন মেয়র পদের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৩-এ। এরা হলেন নাগরিক কমিটি মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন; সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ও স্বতন্ত্র প্রার্থী মোঃ হাবিবুর রহমান।