রংপুর মেডিক্যালে দালাল চক্র লাশ পরিবহনে বেপরোয়া
ওয়াদুদ আলী, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০৪
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বেপরোয়া হয়ে উঠেছে লাশ পরিবহন সিন্ডিকেট চক্র। মৃত্যুর পর লাশ গন্তব্যে পৌঁছে দিতে দালালদের সাধারণ পরিবহন ভাড়ার চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি টাকা দিতে হচ্ছে। এছাড়া এ চক্রটি স্থানে স্থানে টাকা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। লাশ পরিবহনে এ দালাল চক্রের কাছে হাসপাতাল প্রশাসনও জিম্মি হয়ে আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫টি লাশ রংপুর নগরীর বাইরে বিভিন্ন স্থানে নেয়া হয়। লাশ বহনকারী অবৈধ সিন্ডিকেটের সদস্যরা হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে সব সময় নজর রাখে। কখন মানুষ মারা যাবে এই অপেক্ষায় থাকে তারা। কেউ মারা গেলে সাথে সাথে এই চক্রটি সেই ওয়ার্ডে চলে যায়। তারপর লাশ বহনে তারা স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি টাকা স্বজনদের কাছে দাবি করে। লাশের সঙ্গে থাকা অসহায় স্বজনরা বাধ্য হয়ে দেয় তাদের দাবি করা টাকা। না দিলে হাসপাতালের বারান্দায় লাশ পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। অস্বাভাবিক মৃত্যু হওয়া লাশের ক্ষেত্রে টাকার পরিমাণ বেড়ে যায় আরো কয়েকগুণ। এই অবস্থা চলছে মাসের পর মাস ধরে। স্থানীয় জনগণ এ অবস্থার প্রতিবাদ করায় বেশ কয়েকবার অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। তারপরেও লাশ ব্যবসায়ীদের দৌরাত্ম্য থামানো যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আউয়াল ব্যাপারী (৭৫) দীর্ঘদিন অসুস্থ থাকার পর রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। এরপর শুরু হয় লাশ পরিবহন ব্যবসায়ীদের উত্পাত। মৃত আউয়ালের আত্মীয় হাবিবুর রহমান ও নূরুল ইসলাম নিজস্ব মাইক্রোবাসে লাশ নিয়ে যেতে চাইলে ওই সিন্ডিকেট চক্রটি বাধা দেয়। সিন্ডিকেটের দাবি, তাদের মাইক্রোবাসে লাশ বহন করতে হবে। রংপুর থেকে গাইবান্ধার ভাড়া সাধারণত ২ থেকে আড়াই হাজার টাকা। সেখানে এ চক্রটি তাদের কাছ থেকে ৬ হাজার টাকা দাবি করে। তা না হলে লাশ নিয়ে যেতে দেয়া হবে না বলে জানায়। এক পর্যায়ে বাধ্য হয়ে তাদের দাবি অনুযায়ী ৬ হাজার টাকা দিয়ে লাশ নিতে দেয়া হয়। লাশসহ গাড়ি নিয়ে বের হওয়ার পথে আবার অজ্ঞাত এক চক্র মাইক্রোবাস থামিয়ে চাঁদা দাবি করে। অবশেষে সেখানে এক হাজার টাকা দিয়ে লাশসহ গন্তব্যে রওয়ানা হওয়া যায়। এ চিত্র প্রতিদিনের বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. গোলাম মোস্তফা বলেন, এ ব্যাপারে আমি নিজেও অসহায়। একজন মানুষ মারা গেলে মৃতের স্বজনরা লাশ যত দ্রুত হাসপাতাল থেকে নেয়া যায় তাই নিয়ে ব্যস্ত থাকে। অবৈধভাবে টাকা আদায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। থানাতেও কেউ অভিযোগ করে না বলে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও গোয়েন্দা নজরদারী প্রয়োজন।