শিবগঞ্জে পানির দরে আম বিক্রি করছেন বাগান মালিকরা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০৫
শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলা নয়, বিশাল উত্তরবঙ্গের আমের রাজধানী নামে খ্যাত শিবগঞ্জে কদিন আগে থেকে আড়ত খুলে আম কেনা বেচা শুরু হয়েছে। প্রায় শত বছর আগে শুরু হওয়া এ ব্যবসায় প্রতিবছরই শত শত কোটি টাকার আমের ব্যবসা হয়ে আসলেও এ বছরে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে।
প্রতিবছর বৈশাখ মাসের শেষের দিকে জমজমাট আমের ব্যবসা শুরু হলেও এ বছর ব্যবসা জমেনি। কারণ এবার বাহির থেকে আম ব্যবসায়ীরা এখনো আসেনি।
বাগান মালিক ও আম ব্যবসায়ী সূত্রে জানা গেছে, দেশের অন্যান্য স্থানের তুলনায় শিবগঞ্জে জামায়াত-শিবিরের নাশকতা, সন্ত্রাস, সহিংসতা ও হরতাল বেশি হওয়ার কারণে সঠিক সময়ে ব্যবসায়ীরা শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে না পারায় আমের বাগান কেনা বেচা একেবারে কম হচ্ছে। আড়তদাররা ইচ্ছেমত দরে আম কিনছে। ফলে একদিকে যেমন হোঁচট খাচ্ছে আমবাগান মালিকরা, অন্যদিকে হোঁচট খাচ্ছে স্থানীয় আম ব্যবসায়ীরা।
গোপালভোগ, ক্ষিরসা, ল্যাংড়া, গুঁটি, নখনা, আশ্বিনা, কলম, মোহনবাগ, হিমসাগর, মিশরীভোগ, সিন্দুরী, কাঁচামিষ্টি ফজলি, আম্রপালি, বৃন্দাবনিসহ প্রায় ৭৫ জাতের আম উত্পাদন হয় শিবগঞ্জে। আর মৌসুমে আম বাণিজ্যও হয় শত কোটি টাকার। শিবগঞ্জ কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, জেলার পাঁচ উপজেলার ২৩ হাজার ৮৩০ হেক্টরের মধ্যে শিবগঞ্জেই আছে ১২ হাজার ৭৮৫ হেক্টর জমিতে প্রায় ১২ লাখ গাছ বিশিষ্ট আমের বাগান। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে বড় মোকাম কানসাটসহ বিভিন্ন স্থানে ছোট-বড় আমের আড়ত খুলে আম কেনাবেচা শুরু হয়েছে। বাইড়াল না থাকার ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের কাছে পানির দরে গুঁটি আম বিক্রি করছে বাগান মালিকরা।