আওয়ামী লীগের আজমত উল্লাহ, চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী
মুজিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০৬
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। অপরদিকে বিএনপি মেয়র পদে একক প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও গতকাল রবিবার পর্যন্ত একক প্রার্থী দেয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
গতকাল রবিবার দুপুরে ঢাকায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এ ঘোষণা দেন।
এদিকে গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. জাহাঙ্গীর আলম জানান, যেহেতু এটি স্থানীয় সরকার নির্বাচন সেখানে দলীয় সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। তিনি নাগরিক কমিটির ব্যানারে মেয়র পদে নির্বাচনে অংশ নেবেন। এ ব্যাপারে আজ সোমবার গাজীপুরে সাংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানান। অপরদিকে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল জানান, দলীয়ভাবে কি সিদ্ধান্ত নেয়া হয়েছে তা আমার জানা নেই। তা সত্ত্বেও তিনি নির্বাচনে অংশ নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
অপরদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র পদে একক প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিলেও গতকাল রবিবার পর্যন্ত কোনো একক প্রার্থী দেয়ার বিষয়টি নিশ্চিত করেনি। এ ব্যাপারে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান জানান, আগামী ২/১ দিনের মধ্যেই বিএনপির সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসান উদ্দিন সরকার জানান, আগামী ১ জুন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া টঙ্গীতে এক জনসভায় ভাষণ দেবেন। ঐ দিনই হয়তো দলীয় ভাবে মেয়র পদে একক প্রার্থীর প্রতি সমর্থন দেয়া হতে পারে। এদিকে গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার গতকাল রবিবার সকালে তার বাসভবনে আহূত এক সংবাদ সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। তবে দল সমর্থন দিলেই তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানান। এছাড়া জেলা বিএনপি নেতা ও কাশিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান শওকত হোসেন সরকার নির্বাচনে অংশ নেয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এ জন্য তিনি আজ সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানান।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে ভিড় করছেন সম্ভাব্য মেয়র, সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা। গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন।