আন্দোলন দমনে কঠোরতাই মরণফাঁদ হবে : বিএনপি

হরতাল পালন শেষে গতকাল রবিবার বিএনপির এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, স্বতঃস্ফূর্ত হরতাল পালনের মধ্য দিয়ে দেশের মানুষ এই সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে। এখন সরকারের উচিত পদত্যাগ করা। দেশের শতকরা ৯০ ভাগ জনগণের প্রাণের দাবি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। এই দাবির প্রতি অবজ্ঞা এবং দাবি বাস্তবায়নের আন্দোলনকে কঠোর হস্তে দমনই সরকারের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়াবে। দলের দফতরের মুখপাত্র শামসুজ্জামান দুদু সরকারের নিষ্ঠুর নির্যাতন ও জুলুমের পরও বিএনপিসহ ১৮ দলীয় জোট ঘোষিত হরতাল সফল করায় দেশবাসীকে খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানান। নয়াপল্টন কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হরতালে সারা দেশে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ১১১ জনের অধিক নেতা-কর্মী। এ সময় আহত হয়েছে ২০১ জন নেতা-কর্মী ও ভ্রাম্যমাণ আদালত দুই জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে। এই জনবিচ্ছিন্ন আওয়ামী সরকারের অব্যাহত অত্যাচার, নির্যাতন এবং ক্রমবর্ধমান গুম, গণহত্যার ঘটনায় দেশের প্রতিটি জনপদের মানুষ আজ আতংকিত। জনজীবন শঙ্কাগ্রস্ত। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আজ বিপন্ন। এহেন পরিস্থিতিতে প্রতিবাদী জনতা সরকারের সকল বাধা, বিধিনিষেধ উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে। আমরা বিশ্বাস করি,সারাদেশে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা মৃত্যুকে আলিঙ্গন করে, গ্রেফতারকে বরণ করে নেয়ার দৃঢ় শপথে - বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেবেন। তিনি আরও বলেন, আমরা বিএনপিসহ আঠারো দলীয় জোট ঘোষিত হরতাল পালনকালে অত্যাচারী আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনসহ আঠারো দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেফতার, হামলা, মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । আহত নেতৃবৃন্দের আশু সুস্থতা কামনা করছি।