সারাদেশে ঢিলেঢালা হরতাল
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০৭
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রবিবার হরতাল চলার সময় সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির খুব অবনতি হয়নি। মাঠে সক্রিয় দেখা গেছে ছাত্রদল ও শিবির কর্মীদের। পিকেটিংয়ের সময় নারায়ণগঞ্জে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাশকতার অভিযোগে শনিবার রাতে এবং হরতাল চলার সময় বেশ কয়েকজন হরতাল সমর্থককে আটক করেছে পুলিশ। সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট এই হরতালের ডাক দেয়। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, হরতালে নারায়ণগঞ্জে ব্যাপক পিকেটিং করেছে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীরা। শহরের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাংচুর, অগ্নিসংযোগ করে পিকেটাররা। ওই সময়ে পুলিশ বাধা দিতে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি ও মহানগর ছাত্রদলের ২ জন যুগ্ম-আহ্বায়কসহ ছাত্রদলের ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরা-যশোর মহাসড়কের অন্নের মোড় এলাকায় গতকাল রবিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি রোজিনা পরিবহনের একটি বাসে আগুন দেয় ও ভাংচুর চালায় হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা। শহরের অদূরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা ইট বিছিয়ে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বগুড়া প্রতিনিধি জানান, গতকাল সকালে হরতালের সমর্থনে সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে পিকেটিং করে। এ সময় ৪/৫টি গাড়ী ভাংচুর করা হয়।
রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালে কোনো পিকেটিং কিংবা বিক্ষোভ মিছিলেরও আয়োজন ছিল না। হরতালে কোনো দূরপাল্লা ও আন্ত:জেলার বাস-কোচ চলেনি। মহানগরীর রিকশা, অটোরিকশা, মোটর সাইকেল, সিএনজি, মিশুক-টেম্পোসহ হালকা যানবাহন এবং ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে হরতালের দিনজুড়ে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ছিল সিটি করপোরেশন নির্বাচনী আমেজ। স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানিয়েছেন, বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে রেল স্টেশনে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির প্রস্তুতির অভিযোগে ৮ জন পিকেটারকে গ্রেফতার করা হয়। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর ডিমলায় হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল থেকে খালিশা চাপনী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ যানবাহন ভাংচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী আহত হয়। শনিবার রাতে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খালিশা চাপানী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আফজাউল হকসহ দুই জনকে গ্রেফতার করেছে।
বরগুনা (উত্তর) প্রতিনিধি জানিয়েছেন, বরগুনায় ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। দূরপাল্লার বাস চলাচল না করলেও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল করেছে। হরতালে নাশকতা ঘটানোর অভিযোগে বরগুনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- বরগুনা সদরের জসিম উদ্দিন, কামাল হোসেন খোকন, জহিরুল ইসলাম, আমতলীর জাকির হোসেন, মাসুম, শাহিন, জাহিদুল ইসলাম, বেতাগীর শাহ আলম হাওলাদার ও জলিল হাওলাদার এবং পাথরঘাটার শামিম হোসেন হেলাল। বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, নাশকতা ঘটানোর আশঙ্কায় এদের গ্রেফতার করা হয়েছে। আমাদের নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, হরতাল চলাকালে সেখানে বিএনপি-জামায়াতের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া আমাদের প্রতিনিধি ও সংবাদদাতারা জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে ৬ জন, বরগুনায় ১০ জন, ব্রাক্ষণবাড়িয়ায় ২ জন, নলছিটিতে ১ একজন ও লক্ষ্মীপুরে ১ জন হরতাল সমর্থককে পুলিশ আটক করেছে।
রংপুর প্রতিনিধি জানায়, হরতাল চলাকালে রংপুরে ১০টি পেট্রোল বোমা ও ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া র্যাব ও পুলিশ সদস্যরা রংপুর মহানগরী, পীরগাছা ও মিঠাপুকুর উপজেলা থেকে শিবির ক্যাডার আব্দুস ছালাম, নয়া মিয়া, রানা মিয়া, মানিক, নজরুল ইসলামসহ বিএনপি ও জামায়াত ৭ কর্মীকে আটক করেছে।
কলাপাড়া সংবাদদাতা জানান, কলাপাড়ায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালন হয়নি। কলাপাড়ার অভ্যন্তরীণ সকল রুটে যান চলাচল ছিল প্রতিদিনের মতো। তবে কলাপাড়া থেকে দুরপাল্লার কোন পরিবহন ছাড়েনি।
সাতক্ষীরা প্রতিনিধি জানিয়েছেন, সাতক্ষীরায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান সহ ৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে ২দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার সাতক্ষীরা চীফজুডিশিয়াল ম্যাজিষ্টেস্ট আদালতের বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন। আগামি ৬ কার্যদিবসের মধ্যে আদালত শারীরিক নির্যাতন ছাড়াই আসামীদের রিমান্ড শুনানি শেষ করতে নির্দেশ দিয়েছে।