গৌরীপুরের আশরাফুল মৃত্যুর সাথে ৩১ দিন লড়ে হেরে গেল
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:০৮
রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ময়মনসিংহের গৌরীপুরের আশরাফুল ইসলাম (২০) মৃত্যুর সঙ্গে ৩১দিন লড়াই করে হেরে গেল। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। রাত ৯টায় উপজেলার ঝাউগাই গ্রামে তার বাড়িতে লাশ পৌঁছালে ছুটে আসেন আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী।
বাবা ইন্নছ আলীর সাথেই সাভার গিয়েছিল আশরাফুল। গতকাল পিতার কাঁধে চড়েই বাড়ি ফিরল সে। তবে দ্বিতীয় ফেরা লাশ হয়ে। এ দৃশ্য দেখে শত শত মানুষ চোখের পানি ধরে রাখতে পারেনি। “আশরাফুলকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও” বলে কাঁদছিলেন মা জহুরা খাতুন। পাঁচ ভাই-বোনের মধ্যে আশরাফুল ৩য়। ছোট ভাই আশিক ও বোন ইনছানাকে পড়াশোনা করানোর স্বপ্ন ছিল তার। বুদ্ধি প্রতিবন্ধী বড় ভাই হিরা মিয়াকে চিকিত্সা করে ভালো করবে বলেছিল। কিন্তু মা-বাবাকে দেয়া অনেক প্রতিশ্রুতি, ভাই-বোনদের মানুষ করা আর সংসারকে দাঁড় করানোর স্বপ্ন ২৪ এপ্রিল রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যায়। আহত আশরাফুলকে উদ্ধারের ১ম দিনেই রাজিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।