রংপুরে ড্রাগ লাইসেন্স ছাড়াই চলছে ওষুধের ব্যবসা

রংপুরে লাইসেন্স ছাড়াই চলছে ওষুধের ব্যবসা। এতে সরকার প্রতি বছর রাজস্ব হারাচ্ছে প্রায় ৩ কোটি টাকা। ড্রাগ সুপারের উদাসিনতাই ব্যবসায়ীদের বেপরোয়া করে তুলেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রংপুরের ড্রাগ সুপার তৌহিদুল ইসলামের সাথে যোগাযাগ করা হলে তিনি বলেন, লাইসেন্স বিহীন ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমানণ আদালত অভিযান চালাচ্ছে। জানা যায়, রংপুর বিভাগের আট জেলায় প্রায় ২০ হাজার ওষুধ ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করে আসছেন। অনেকের লাইসেন্স থাকলেও তা নবায়ন করা নেই। শুধুমাত্র রংপুর জেলার পাঁচ হাজার ওষুধ ব্যবসায়ীর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র এক হাজার ৬শ’ ১০ জনের। আর এসব ওষুধের দোকান থেকে সরকার রাজস্ব আয় করছে ১৮ লাখ ৩৩ হাজার ৬শ’ টাকা। ড্রাগ অফিস জানায়, পৌর এলাকায় পাইকারি ওষুধ ব্যবসায়ীদের ৫ হাজার টাকা ও খুচরা ব্যবসায়ীদের এক হাজার ৮শ’ টাকা ফি দিয়ে লাইসেন্স নিতে হয়। এছাড়া ইউনানি, আর্য়ুবেদিক, হোমিওপ্যাথিক ও অন্যান্য ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে লাইসেন্স ফি বাবদ এক হাজার ৫শ’ টাকা আদায় করা হয়ে থাকে। উপজেলা পর্যায়ে ওষুধ বিভাগের কোন কর্মকর্তা নেই, তবে লাইসেন্স পেতে গেলে ফি হিসেবে দিতে হয় ৭শ’ টাকা। রংপুর অঞ্চলে প্রতিটি দোকানে লাইসেন্স থাকলে সরকার প্রায় ৩ কোটি টাকা আয় করতে পারতো। কিন্তু সরকারের ওষুধ বিভাগে জনবলের অভাবে তদরকির কাজটি ঠিকভাবে হচ্ছে না। তদারকির ব্যবস্থা না থাকায় অনেকে লাইসেন্স এবং যথাযথ শিক্ষা ছাড়াই ওষুধ বিক্রি করছেন। সংশ্লিষ্ট একটি সূত্র থেকে অভিযোগ পাওয়া গেছে, জেলা ড্রাগ এ্যান্ড ক্যামিস্ট সমিতির মাধ্যমে ওষুধ ব্যবসায়ীরা ড্রাগ সুপারের কার্যালয়ে মাসোহারা পাঠিয়ে লাইসেন্স ছাড়া ব্যবসা করার সুযোগ পাচ্ছে। এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শাহাদত্ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সমপ্রতি রংপুরের নির্বাহী ম্যাজিস্টেট মোবাইল কোর্ট পারিচালনার সময় দুইটি দোকানে অভিযানে চালিয়ে পরিত্যক্ত ওষুধ উদ্ধার করেন। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।