চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা

শোকে স্তব্ধ বাহেরচর গ্রাম

চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনার তিনদিন পরও শোকে স্তব্ধ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাহেরচর গ্রাম। নিহত তানিয়ার পরিবারে চলছে শোকের মাতম। বাড়িতে সারাক্ষণই গ্রামবাসী ও আত্মীয়-স্বজনের ভিড় লেগেই আছে। তারাও  যেন তানিয়ার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। এদিকে ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবারও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে বাজিতপুর থানায় আট দিনের রিমান্ডে থাকা পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এছাড়া তানিয়া যে বাসটিতে গণধর্ষণের শিকার হয় গতকাল বৃহস্পতিবার সেই বাসটিকে (ঢাকা মেট্রো ব-১৪-৬২৮৫) কাপাসিয়ার উজলী দীঘিরপাড় এলাকা থেকে আটক করে পুলিশ। ঘটনার পরপরই ঘাতকরা বাসটি নিয়ে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সারোয়ার জাহান জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে নতুন কোনো তথ্য এখনো উদঘাটন করা যায়নি। এজাহারনামীয় অন্যান্য আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার পর ঢাকা থেকে পিরিজপুরগামী সুবর্ণলতা পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

ঘটনার শিকার শাহিনূর আক্তার তানিয়ার বড় ভাই বাদল মিয়া জানান, তানিয়া ছিল ভাই-বোনদের মধ্যে সবার ছোট এবং খুবই আদরের। ইদানিং তানিয়ার বিয়ের কথা-বার্তা চলছিল। ডিপ্লোমা নার্সিং কোর্স শেষে ২০১৭ সালে ইবনে সিনা হাসপাতালে চাকরি নেন তানিয়া। বেতনের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রথম রোজা রাখতে গত ৬ মে রাতে সুবর্ণলতা পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন তিনি। আরেক ভাই শফিকুল ইসলাম সুজন জানান, তার বোনের লাশ দাফনের রাতে তাদের ঘর থেকে তিন ভাইয়ের তিনটি মোবাইল ফোন চুরি হয়। ঘটনাটি রহস্যজনক। মোবাইলে অনেক কথা-বার্তা রেকর্ড করা ছিল। স্থানীয় লোহাজুরি ইউনিয়নের চেয়ারম্যান আতাহারউদ্দিন রতন জানান, তানিয়া ছিল খুবই নম্র ও ভদ্র স্বভাবের। তার এই নির্মম পরিণতির জন্য দায়ী নরপশুদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।

এদিকে গতকাল বৃহস্পতিবার নির্মম এই হত্যকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে কটিয়াদী উপজেলার মসুয়া বাজারে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন মসুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, ছাত্রনেতা রুহুল আমিন রেণু, আবুল হোসেন, রিয়াজউদ্দিন রাজু প্রমুখ। পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারেক হাসনাত তারেক, স্থানীয়  আওয়ামী লীগ নেতা মাহাবুবুল আলম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি একরাম হোসেন মানিক, ডি এম শরিফুল হাসান রুবেল, ইমন, নওশাদ প্রমুখ।

এছাড়া কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালের সামনের সড়কে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা। এখানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, বিএমএ-এর জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল সেলিনা যমুনা কুরাইয়া, আয়োজক সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম ভুঁইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সেবা তত্ত্বাবধায়ক নাজবীনা খান, স্বাধীনতা নার্সেস পরিষদের সমন্বয়ক মো. আব্দুল হালিম প্রমুখ।

কালীবাড়ি সংলগ্ন সড়কে জেলা মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আছিয়া বেগম, সাবেক সভাপতি সুলতানা রাজিয়া, নারীনেত্রী বিলকিস বেগম, সাংবাদিক আলম সারোয়ার টিটো, সাইফুল হক মোল্লা দুলু, কামালউদ্দিন প্রমুখ। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমকাল সুহূদ সমাবেশ।

এদিকে ঘটনার নিন্দা ও দ্রুত বিচারের দাবিতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে। এখানে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক নজরুল ইসলাম সাজাহান, সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমি, আবুল হাশিম মাস্টার প্রমুখ।