মহার্ঘ ভাতা নয়, হবে পে-কমিশন:অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়াতে শীঘ্রই পে-কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয়ে গতকাল রবিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আগের সরকার একটি পে-কমিশন করেছিল, আমরাও একটি পে-কমিশন করব। তবে আগামী বাজেটে কোনো মহার্ঘ ভাতা থাকবে না। অর্থমন্ত্রী আরো বলেন, চলতি সপ্তাহেই ন্যূনতম মজুরি বোর্ড গঠনের গেজেট জারি হবে। আগামী সরকার তা বাস্তবায়নে যেন সমস্যায় না পড়ে সেজন্য কিছু শর্তও থাকবে। তিনি বলেন, পে-কমিশনের মাধ্যমে বেতন বাড়লে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি কিছুটা কমবে, পাশাপাশি সরকারি চাকরির প্রতি তরুণদের মধ্যে আকর্ষণও বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদে ২০০৭ সালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বশেষ পে-কমিশন ঘোষণা করা হয়। তবে কমিশনের সুপারিশ তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করতে পারেনি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ২০০৯ সালে তা বাস্তবায়ন শুরু হয়। একাধিক ধাপে তা বাস্তবায়ন করা হয়। এর আগে ২০০৫, ১৯৯৬, ১৯৮৯, ১৯৮৪, ১৯৭৬ ও ১৯৭২ সালে বেতন কমিশন গঠন করা হয়। এবার হবে অষ্টম পে-কমিশন। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের বেতন আন্তর্জাতিক বেতন কাঠামো অনুযায়ী করা হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে যে কাঠামো আছে সেটাই ঠিক আছে। আন্তর্জাতিক ওয়েজবোর্ড অনুযায়ী গার্মেন্ট শ্রমিকদের বেতন দিলে সবার বেতন সমান হয়ে যাবে। তিনি বলেন, গার্মেন্টস শিল্পের প্রধান সমস্যা বেতন নয়, হরতাল। হরতাল বন্ধ হলেই বিদেশি ক্রেতারা আসতে শুরু করবে। এদিকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা গতকাল অর্থমন্ত্রীর সঙ্গে বাজেট নিয়ে পৃথক একটি বৈঠক করেছেন। বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামীনের নেতৃত্বে প্রতিনিধিরা আগামী বাজেটে বস্ত্রখাত নিয়ে ৯টি প্রস্তাব উপস্থাপন করেন।