আড়াইহাজারে বালুবাহী ট্রাক্টরের চাপায় সাংবাদিক নিহত

বেপরোয়া গতির বালুবাহী মাহিন্দ ট্রাক্টরের চাপায় গতকাল রবিবার দুপুরে দৈনিক বাংলাদেশ সময়ের আড়াইহাজার উপজেলা প্রতিনিধি ও আড়াইহাজার থানা প্রেসক্লাবের অফিস সম্পাদক আল আমীন হাওলাদার (৩২) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বগাদী কালিরহাট এলাকায়। পুলিশ ঘাতক ট্রাক্টরসহ চালক আড়াইহাজার উপজেলার কড়ইতলা গ্রামের শেখ ফরিদকে (২৫) আটক করেছে। জানা গেছে, সাংবাদিক আল আমীন হাওলাদার মোটর সাইকেলযোগে আড়াইহাজার থেকে সংবাদ সংগ্রহ করতে গোপালদী যাচ্ছিলেন। ঐ সময় তিনি কালিরহাট নামক স্থানে রাস্তার পাশে মোটর সাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বালিবাহী ট্রাক্টরটি দ্রুত গতিতে এসে তাকে মোটর সাইকেলসহ চাপা দেয়। ফলে তার মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাংবাদিক আল আমীনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর থানার হোগলাবুনিয়া গ্রামে। তার পিতার নাম আইয়ুব আলী হাওলাদার। তিনি তিন কন্যা সন্তানের জনক। আল আমীন আড়াইহাজার উপজেলার বিশনন্দী গ্রামে দীর্ঘ দশ বছর যাবত্ বসবাস করে সাংবাদিকতা করে আসছিলেন।