বিতর্কিত বদলি পদোন্নতিতে প্রশাসনে অসন্তোষ
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:১০
সর্বোচ্চ পদে বিতর্কিত নিয়োগ-বদলি, চাকরি থেকে স্বেচ্ছা অবসর, পদোন্নতি বঞ্চনা, ওএসডি, ইনসিটোর যাঁতাকলে মহাজোট সরকারের বর্তমান মেয়াদে জনপ্রশাসন কমবেশি অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে। এ কথা বলছেন প্রশাসনে কর্মরত সংশ্লিষ্ট উচ্চ ও নিম্ন পদস্থ কর্মকর্তারা।
২০০৯ সালে ৬ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। শুরুতেই চাকরিচ্যুত হন তত্কালীন তথ্য সচিব আ ত ম ফজলুল করিম। বঙ্গবন্ধুকে নিয়ে তিনি বিতর্কিত লেখা প্রকাশ করেন নিজ নামে। এর জের ধরেই চাকরি যায় এ সচিবের। তবে এ নিয়ে তেমন কোন প্রতিক্রিয়া না হলেও অপর কতক সিদ্ধান্তে জনপ্রশাসনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বারবার বদলিজনিত হয়রানির মধ্যে পড়ে সচিব মোহাম্মদ মহসীন, দেলোয়ার হোসেন এবং সর্বশেষ হুমায়ুন কবীর চাকরি ছাড়তে বাধ্য হন। আর রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব শফিউল আলমকে প্রথমে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করা হয়। এখানে যোগদানের আগেই তাকে পুনরায় বদলি করা হয় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে।
প্রশাসনে সচিব পদে নিযুক্ত আছেন এমন একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে ইত্তেফাককে বলেছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সরকার যেখানে খুশি নিয়োগ বা বদলি করতে পারেন এবং সেটি মেনে নেয়া তাদের দায়িত্ব। কিন্তু কিছু বিষয় মেনে নেয়া কঠিন, বিশেষ করে যখন কোন ঘটনার কারণ জানা যায় না। উদাহরণ টেনে এসব কর্মকর্তা বলেন, স্বাস্থ্য সচিবের পদ থেকে হুমায়ুন কবীরকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করাটাকে সহজে মেনে নেয়নি কেউই। কারণ এ কর্মকর্তার দলীয় পরিচয় না থাকলেও তার ভাবমূর্তি ও সততা নিয়ে কোন প্রশ্ন নেই। শেষ পর্যন্ত হুমায়ুন কবীর চাকরি ছেড়ে দেয়ার আবেদন করলে তাকে রেখে দেয়ার জন্য মন্ত্রণালয়ে নিয়োগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি রাজি হননি। মোহাম্মদ মহসীনও ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। যদিও তাকে ভিন্ন মতের চিহ্নিত করে হয়রানিমূলক বদলি করার উদ্যোগে তিনি চাকরি ছেড়ে দেন। শফিউল আলম শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সততা ও দক্ষতায় ঘাটতির কোন অভিযোগ নেই। তার বদলি নিয়ে প্রশ্ন রয়েছে সচিবালয়ে। দেলোয়ার হোসেনও হয়রানিমূলক বদলির জেরে চাকরি ছাড়েন। সমপ্রতি বেশি দামে মুক্তিযুদ্ধের বই কিনতে অস্বীকার করায় তথ্য মন্ত্রণালয় থেকে সরতে হয়েছে হেদায়েতউল্লাহ আল মামুনকে। বিষয়টি নিয়েও সচিবালয়ে রয়েছে নানা আলোচনা। এ সরকারের মেয়াদে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান ২৭৯ জন। নবম থেকে ১৫তম ব্যাচের কর্মকর্তাদের উপসচিব পদের জন্য বিবেচনায় নেয়া হয়। এসব ব্যাচে উপসচিব হওয়ার যোগ্য ছিলেন ৫৫৪ জন কর্মকর্তা। উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৯৮২ সালের দুটি ব্যাচ, ১৯৮৪ এবং ‘৮৫ ব্যাচের মোট ৭৫১ জন কর্মকর্তা পদোন্নতির জন্য যোগ্য ছিলেন। ২৭৪ জন পদোন্নতি পান। ১৯৮২ থেকে শুরু করে ১৯৮৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়। ২৮৯ জন কর্মকর্তার মধ্যে পদোন্নতি পান ১২৯ জন। অর্থাত্ বাকিরা পদোন্নতি বঞ্চিত হন।
বর্তমান সরকারের সময়ে আলোচ্য পদোন্নতির আগে তিন দফায় ১৬৩ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয়া হয়। এরমধ্যে ২০০৯ সালের ২৭ জানুয়ারি ৭২ জন, ৭ সেপ্টেম্বর ৬০ জন এবং ১০ অক্টোবর ৩১ জন। অবশ্য দুই দফা পদোন্নতি বঞ্চিত ২৯ জন কর্মকর্তা শেষবার অতিরিক্ত সচিব হয়েছিলেন। যুগ্ম সচিব পদে তিন দফায় এক হাজার ২১৫ জন পদোন্নতি পান। এরমধ্যে ২০০৯ সালের ১৯ ফেরুয়ারি ৮৬ জন, ৭ সেপ্টম্বর ১৬৩ জন এবং ২১ নভেম্বর ১৬৬ জন। যুগ্ম সচিব পদে পদোন্নতির সময়ে অন্তত ১৫০ জন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়ে জ্যেষ্ঠতা হারান। এখনো তারা উপসচিব। যদিও তাদের সহকর্মীরা এখন যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব। এ সরকারের সময়ে দুই দফায় উপসচিব পদে পদোন্নতি পান ৫৭৮ জন। ২০০৯ সালের ৭ সেপ্টেম্বর ২৮০ জন এবং ২০১০ সালের ১৫ অক্টোবর ২৯৮ জন। প্রথম দফায় ৯ম ও ১০ম ব্যাচের এবং দ্বিতীয় দফায় ১১ এবং ১৩তম ব্যাচের ১৪ জনসহ ২৯৮ জনকে পদোন্নতি দেয়া হয়। সর্বশেষ গত ১৪ মার্চ সিনিয়র সহকারী সচিব থেকে ১৮২ জনকে উপসচিব করা হয়।
সূত্র জানায়, এসব পদোন্নতির প্রক্রিয়ায় ভিন্নমতের চিহ্নিত করে পদোন্নতি থেকে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে এক হাজার ১৪৬ জনকে বঞ্চিত করা হয়। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, অনেকের প্রয়োজনীয় নম্বর না থাকা, শৃংখলাজনিত কারণেও পদোন্নতি দেয়া হয়নি। তবে এমন অনেক কর্মকর্তা আছেন যাদের পেশাগত দক্ষতাসহ সকল ধরনের যোগ্যতা থাকার পরেও পদোন্নতি দেয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ অসন্তোষ বিদ্যমান। গত ৩০ এপ্রিল পর্যন্ত একজন সচিবসহ প্রশাসন ক্যাডারের সাড়ে ৫০০ কর্মকর্তা ওএসডি ছিলেন। লিয়েন, বৈদেশিক প্রশিক্ষণ এবং শিক্ষা ছুটিজনিত কারণে এর মধ্যে ২ শতাধিক কর্মকর্তাকে ওএসডি রাখা হয়েছে। ইনসিটো ( পদোন্নতির পূর্বপদে নিয়োজিত) আছেন অন্তত এক হাজার কর্মকর্তা।
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত ওএসডি ছিল ১ হাজার ২৫৫ জন, চাকরিচ্যুত হয়েছিলেন সচিব, পদস্থ পুলিশসহ ৯৬ জন, পদোন্নতি বঞ্চিত ছিলেন ১২শ’ কর্মকর্তা। অবশ্য সে সময় ইনসিটোর ব্যাপকতা ছিল কম।
বর্তমান সরকারের সময়ে প্রত্যাশা পূরণ করতে গিয়ে পদের বেশি সংখ্যায় কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। এর ফলে প্রায় এক হাজার কর্মকর্তা এখনো পদোন্নতির পূর্বপদে (ইনসিটো) কাজ করছেন। এটি একটি খারাপ নজির বলে প্রশাসনের কর্মকর্তারা বলছেন।
বিপুল সংখ্যক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়ে জ্যেষ্ঠতা হারানোয় প্রশাসনের শৃংখলা কার্যত নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার বলছেন, পদের অতিরিক্ত সংখ্যায় পদোন্নতি দেয়ায় এখনও নিয়োগ (পদায়ন) সমন্বয় করা সম্ভব হয়নি।
জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান ইত্তেফাককে বলেন, পদোন্নতি চাকরির অধিকার। কিন্তু জ্যেষ্ঠ হলেই পদোন্নতি দেয়া যাবে-এটি ঠিক নয়। যোগ্যতা দক্ষতার বিষয়টি বিবেচনায় না নেয়া হলে তা ভাল প্রশাসন হবে না। আবার বঞ্চিতদের তালিকা দীর্ঘ না হয়-সেদিকটাও নীতিনির্ধারকদের লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে পদোন্নতি বঞ্চিত করার নজির সুশাসনের জন্য অন্তরায় বলে উল্লেখ করেন তিনি। তবে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেয়ার সংস্কৃতি দীর্ঘদিনের। এ থেকে বেরিয়ে আসা উচিত। অতীতে সব সরকারই এভাবে প্রশাসনকে দলীয় বিবেচনায় নিতে চেয়েছে, কিন্তু কার্যত ফল পায়নি। তিনি আরও বলেন, যোগ্য কিংবা সম্মানীকে সম্মান না দেয়া হলে পরে কেউ কাউকে সম্মান করবে না- পরিণতিতে সবাইকে তার কুফল ভোগ করতে হবে। প্রশাসনকে দলীয় সংস্কৃতির বাইরে রাখার তাগিদ দেন তিনি।