বগুড়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:১১
বগুড়ায় দুই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন: মজনু মিয়া (৪২) ও নাহিদ প্রামাণিক (৩০)। মজনু জেলা যুবলীগের নির্বাহী সদস্য এবং নাহিদ যুবলীগের পদধারী। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। গতকাল রবিববার দুপুরে শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বাড়িতে ওই দু’জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রিপনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, নিহত দু’জন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তাদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
মজনু শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার খোকা মিয়ার ছেলে এবং নাহিদের বাবার নাম দুলু মিয়া। বগুড়া পুলিশ লাইনসের পাশের একটি জায়গা দখলকে কেন্দ করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মজনুর পরিবার দাবি করেছে। এদিকে এ হত্যাকাণ্ডের পর মজনুর সমর্থকরা ফুলতলা এলাকায় ওসমান গনি নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটপাটের পর সেখানে আগুন ধরিয়ে দেয়।
মজনুর পরিবারের অভিযোগ, গতকাল সকালে বগুড়া পুলিশ লাইনসের পাশে একটি জায়গা দখল করতে যায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রিপন ও তার সহযোগীরা। জমি নিয়ে ঝামেলার মীমাংসা করার কথা বলে দুপুর ১টার দিকে রিপন শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রামে তার বাড়িতে মজনুকে ডেকে নেন। সেখানে পৌঁছার পরপরই তাদের ওপরে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে চাচা-ভাতিজাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হওয়া বাড়ির মালিক রিপনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানায়, বগুড়ার আরেক শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা শাহীন হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল মজনু। আর তার ভাতিজা নাহিদ শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুজানুর রহমান সুজন হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিল । এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও সন্ত্রাসী ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।