ছত্তিশগড়ে মাওবাদী হামলায় কংগ্রেস নেতাসহ নিহত ২৯

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদীদের জোটবদ্ধ হামলায় স্থানীয় কংগ্রেস প্রধান ও তার ছেলেসহ ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। এদের মধ্যে ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যায় রাজ্যের প্রধান শহর রায়পুরের ৩৪৫ কিলোমিটার দক্ষিণে সুকমা জেলায় কংগ্রেস নেতাদের বহনকারী গাড়িবহরে এই হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মও রয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও আনন্দবাজার এর। পুলিশ জানায়, আহতদের মধ্যে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ভি সি শুক্লাও রয়েছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিত্সা দেয়া হচ্ছে। গতকাল রবিবার সকালে জেলার জিরাম উপত্যকা থেকে স্থানীয় কংগ্রেস প্রধান নন্দকুমার প্যাটেল ও তার ছেলে দীনেশ কুমারসহ ১২ জন কংগ্রেস সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। মাওবাদীরা হামলা চালানোর পর তাদের অপহরণ করে নিয়ে যায়। হামলায় সাবেক পার্লামেন্ট সদস্য উদয় কুমার মুদালিয়ারও নিহত হন। ছত্তিশগড়ে তিন দিনের শোক পালন করা হচ্ছে। এ ঘটনাকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল তারা আহতদের দেখতে হাসপাতালে যান। তাদের দুজনেরই ছত্তিশগড়ে যাওয়ার কথা রয়েছে। ঘটনার কড়া নিন্দা করেছেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে এই সঙ্কটের মোকাবিলা করা উচিত বলে মন্তব্য করেন তিনি। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, এই হামলা কংগ্রেসের ওপর নয়, এটি গণতন্ত্রের ওপর হামলা। তবে এ ধরনের হামলায় ভয় না পেয়ে বরং এগিয়ে যেতে হবে। আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শনে তিনি হাসপাতালে যান। রাজ্যের কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, রাজ্যের বিজেপি সরকার মাওবাদীদের হুমকি সত্ত্বেও কংগ্রেস নেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়নি। ছত্তিশগড়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস ‘পরিবর্তন যাত্রা’ ও বিজেপি ‘বিকাশযাত্রা’ নামে প্রচারে নেমেছে। ছত্তিশগড় পুলিশের মহাপরিচালক রাম নিবাস জানিয়েছেন, সুকমায় ‘পরিবর্তন যাত্রা’ শেষ করে কেশলুরে ফিরছিলেন কংগ্রেসের নেতা-কর্মীরা। পথে টোঙ্গাপাল ও দরভার মধ্যে জেরেমি উপত্যকার ওপর সাধারণ পোশাক পরা প্রায় ২৫০ জন মাওবাদী তাদের বহরে হামলা চালায়। সুকমা থেকে জগদলপুরের দিকে রওনা দেয়া গাড়ি বহরটির সঙ্গে থাকা ২০ পুলিশসহ ৩২ জন আহত হয় হামলায়। নিহত কংগ্রেস নেতা মহেন্দ্র কর্ম মাওবাদীদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্বে ছিলেন। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিরাপত্তা রক্ষায় ৩০ জন পুলিশ নিয়োজিত থাকতো। পুলিশ জানায়, স্থলমাইনের বিস্ফোরণ ঘটানোর পর বহরটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারীরা। জগদলপুরে হাসপাতালে চিকিত্সাধীন এক কংগ্রেস কর্মী জানান, মাওবাদীরা দুটি গাড়ি উড়িয়ে দেয় একং আধা ঘণ্টা ধরে একটানা গুলি চালায়। এই হামলার ফলে নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মাওবাদীদের হামলার প্রতিবাদে গতকাল ছত্তিশগড়ে কংগ্রেসের ডাকে বনধ্ পালিত হয়েছে। বন্ধ ডেকেছে মাওবাদীরাও। গতকাল রাতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের সঙ্গে রাজ্যের নিরাপত্তা নিয়ে বেঠকে বসার কথা প্রধানমন্ত্রীর। ছত্তিশগড়ের তিন জেলা সুকমা, দন্তেওয়াড়া ও বিজাপুরে মাওবাদীদের কার্যক্রম বেশি। ভারতের ৬শ জেলার মধ্যে এক-তৃতীয়াংশ এলাকায় মাওবাদীরা সক্রিয়।