সংহত গণতন্ত্রের জন্য সুশৃঙ্খল সেনাবাহিনী দরকার :প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:১৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র সুসংহতকরণে দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের আওতায় একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী প্রয়োজন। গতকাল রবিবার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর অফিসার্স মেসে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১৩ উদ্বোধন উপলক্ষে দেয়া ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘দেশে গণতন্ত্রকে সুসংহত করতে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করতে পারে।’
বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র ও নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা সেনাসদর নির্বাচনী পর্ষদ গঠিত। এ পর্ষদ তাদের ৫ দিনব্যাপী বৈঠকে সেনা কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল এবং কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নেতৃত্ব ন্যস্ত করতে হবে তাদেরই হাতে যারা সুশিক্ষিত, কর্মক্ষম, সচেতন, বুদ্ধিমান এবং সর্বোপরি গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী। আদর্শগতভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সামরিক বাহিনীর জন্য অত্যন্ত মৌলিক ও মুখ্য বিষয়।
সেনাসদর দপ্তরে প্রধানমন্ত্রীকে তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া এবং আর্মড ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিকুল হক স্বাগত জানান। মুখ্যসচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ উজ জামান, প্রতিরক্ষা সচিব খন্দকার এম আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের নির্বাচিত করা খুবই জটিল কাজ। তবে কাজটি অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে করতে হবে। আপনাদের প্রজ্ঞা, বিচার-বুদ্ধি এবং ন্যায়পরায়ণতার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে আপনারা উচ্চ প্রশিক্ষিত, কর্মোদ্যমী, সচেতন, প্রত্যুত্পন্ন ও সর্বাবস্থায় গণপ্রজাতন্ত্রের মূল নীতির প্রতি অবিচল থাকার ভিত্তিতে উপযুক্ত নেতৃত্ব নির্বাচনে সর্বতোভাবে সফল হবেন। যে সকল অফিসার সামরিক জীবনের নানা পর্যায়ে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নৈতিকভাবে বলীয়ান ও বিশ্বস্ততায় প্রশ্নহীন তাদেরকে পদোন্নতি প্রদানে অগ্রাধিকার দিতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ছিল বঙ্গবন্ধুর গভীর বিশ্বাস ও আস্থা। এই গভীর ভালবাসাই তার নিজের সন্তানদের সেনাবাহিনীতে যোগদানে অনুপ্রেরণা যুগিয়েছিল। স্বাধীনতার ৪২ বছর পর বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রকৃত অর্থেই একটি জাতীয় সশস্ত্র বাহিনীতে পরিণত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক করতে এনডিসি, এমআইএসটি, এএফএমসি, বিআইপিএসওটি, এনসিও একাডেমী বিআইআরসি, ট্রাস্ট ব্যাংক লি. ও ফাইভ স্টার হোটেল রেডিসন ইত্যাদি সবগুলো উদ্যোগই আমাদের সরকার নিয়েছে। তাছাড়া আওয়ামী লীগ সরকার দুইটি পদাতিক ব্রিগেড ও স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনসহ ছোট-বড় মিলিয়ে মোট ৩৬টি ইউনিট প্রতিষ্ঠা ও পুনর্গঠন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্প তত্ত্বাবধানের জন্য একটি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন ও দুইটি পদাতিক ব্যাটালিয়নের সমন্বয়ে একটি কম্পোজিট ব্রিগেট প্রতিষ্ঠা করার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তাছাড়া এ সময়ই সৈনিকদের জন্য উত্সাহ ভাতার মতো নানা কল্যাণমূলক পদক্ষেপ নেয়া হয়েছে এবং দুপুরে খাবার হিসেবে রুটির বদলে ভাত দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উন্নয়ন কার্যক্রমে সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে এ ক্ষেত্রে তারা তাদের দায়িত্ব পালন করছে। তারা জাতিসংঘ শান্তি মিশনে তাদের দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূতিও উজ্জ্বল করেছে। প্রধানমন্ত্রী সম্প্রতি সাভারে রানা প্ল¬াজা ধসের পর উদ্ধার অভিযানে ৯ম পদাতিক ডিভিশনের ত্যাগের প্রশংসা করেন।