আসামি ফেরতের এখতিয়ার সংশ্লিষ্ট দেশের

ইন্টারপোল বিশ্বব্যাপি পলাতক আসামিদের সরাসরি গ্রেফতার করতে পারে না। ঐ সংস্থা শুধু রেড নোটিস জারি করে। এ নোটিস কার্যকর করার জন্য সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ইন্টারপোল মূলত একটি সমন্বয়কারী প্রতিষ্ঠান। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে দেশে আনা নিয়ে গত কয়েক দিন ধরে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বক্তব্য দিয়ে আসছেন। এর প্রেক্ষিতে গতকাল পুলিশ সদর দফতরে ইন্টারপোল শাখাসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তারা এসব মতামত প্রদান করেছেন। কর্মকর্তাদের মতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও বন্দী বিনিময় কিংবা বন্দী প্রত্যার্পণ চুক্তি থাকলে সেই ক্ষেত্রে আসামিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। বাংলাদেশের সঙ্গে ইতিপূর্বে শুধু ভারতের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি হয়েছে। এদেশ থেকে যে কোন আসামি ফেরত আনা সম্ভব। আর কোন দেশের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় কিংবা বন্দী প্রত্যার্পণ চুক্তি নেই। ভারত ছাড়া বাকি দেশসমূহ থেকে কোন আসামিকে ফেরত আনতে হলে শুধু চমত্কার কূটনৈতিক সম্পর্ক থাকলে হয়তো আসামি ফেরত আনা সম্ভব। আসামি দেয়া না দেয়া ঐ দেশের সরকারের এখতিয়ার। এক্ষেত্রে ইন্টারপোলের কিছু করার নেই বলে শীর্ষ কর্মকর্তারা জানান। পুলিশ সদর দফতর সূত্রে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশে ইন্টারপোলের অফিস কিংবা কার্যক্রম রয়েছে। পুলিশের একটি বিভাগ এই দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশে পুলিশ সদর দফতরেও রয়েছে ইন্টারপোলের একটি শাখা। পুলিশের একজন ডিআইজি ও এআইজি ঐ বিভাগের দায়িত্বে রয়েছেন। আদালত যদি কোন পলাতক আসামিকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেয়, তাহলে মামলা তদন্তকারি কর্তৃপক্ষ আসামির পূর্ণাঙ্গ তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র ইন্টারপোল শাখায় পাঠিয়ে থাকে। যারা বিদেশে রয়েছে তা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সেই ক্ষেত্রে ইন্টারপোল সদর দফতরে কাগজপত্র পাঠানো হয়। ইন্টারপোলের দায়িত্বরত কর্মকর্তারা তখন ঐ আসামির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে নিবেন। যদি কোন কাগজের ঘাটতি থাকে তাহলে ঐ কাগজ সংগ্রহ করে পূর্ণাঙ্গ কপি প্রস্তুত করবে ইন্টারপোল শাখা। এরপর এ শাখা থেকে সরাসরি ইন্টারপোলের প্রধান কার্যালয় ফ্রান্সে পাঠানো হয়। প্রধান কার্যালয়ে আরেক লিগ্যাল বডি রয়েছে। এ বডি আসামি সম্পর্কে প্রেরিত কাগজপত্র, অভিযোগসহ মামলার কপি যাচাই-বাছাই করে দেখবেন। যদি ঐ বডি মনে করেন যে, আসামি সম্পর্কে রেড নোটিস জারি করা দরকার তাহলে করবেন। প্রয়োজন মনে না করলে রেড নোটিস জারি থেকে বিরত থাকবেন তারা। এক্ষেত্রে স্থানীয় অর্থাত্ স্ব স্ব দেশের ইন্টারপোল শাখার পক্ষে কিছু করার নেই। তবে শুধু তারা খোঁজ-খবর নিতে পারেন বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেন, তারেক রহমান সম্পর্কে গতকাল পর্যন্ত তার দফতরে কোন কাগজপত্র আসেনি। ইন্টারপোলের মাধ্যমে খুনিসহ ভয়ংকর আসামিদের অবস্থান সম্পর্কে বেশির ভাগ নিশ্চিত হওয়া যায় বলে তিনি জানান। বাংলাদেশ থেকে এ পর্যন্ত বিদেশে ৫৭ জন পলাতক আসামির কাগজপত্র ইন্টারপোল সদর দফতর ফ্রান্সে পাঠানো হয়েছে। এদের কাউকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিককালে বঙ্গবন্ধুর খুনি মেজর (অব.) বজলুল হুদার থাইল্যান্ডে চুরির মামলায় সাজা শেষ হলে তাকে সেই দেশের সরকার পুশব্যাক করে। তাকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। বাংলাদেশ পুলিশ হেফাজতে তাকে আনা হয়। অনুরূপভাবে বঙ্গবন্ধুর আরেক খুনি মহিউদ্দিনকে আমেরিকা থেকে পুশব্যাক করা হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তাকে হস্তান্তর করা হয়। এক্ষেত্রে ইন্টারপোলের কোন ভূমিকা নেই বলে পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা জানান। এটা শুধু ঐ দুই দেশের সরকারের সদিচ্ছা ও কূটনৈতিক সম্পর্কের উপর নির্ভর করেছিল। সাম্প্রতিককালে যুক্তরাজ্যের ট্রিপল মার্ডারের আসামী মহিউদ্দিন বাবলা বাংলাদেশে এসে পলাতক ছিল। বাবলা বৃটিশ পাসপোর্টধারি বাংলাদেশী নাগরিক। বাংলাদেশ সরকার বাবলাকে বৃটিশ সরকারের কাছে হস্তান্তর করেছে। এটাও কূটনৈতিক সু-সম্পর্কের কারণে সম্ভব হয়েছে বলে এক কর্মকর্তা জানান। ভারতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার দুই আসামি হরকাতুল জিহাদের কর্মী মোরসালিন ও তার ভাই মোস্তাকিন দিল্লীর তিহার জেলে রয়েছে। তারা সেখানে একটি মামলায় সাজাপ্রাপ্ত। এই সাজা শেষ হলে তাদেরকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে বলে এক কর্মকর্তা জানান। মোসলেহ উদ্দিনসহ বঙ্গবন্ধুর দুই খুনি ভারতে রয়েছে বলে জানা যায়। ইন্টারপোল শাখা কর্তৃক তাদের অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে তাদের সঠিক অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।