রাজধানীর মিরপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী শাহিন। এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর থানায় হত্যা মামলা হয়েছে। নিহত সুমাইয়া আক্তার রিভা ও আসামি শাহিনের গ্রামের বাড়ি মেহেপুরের গাংনী থানায়।
রিভার চাচাত বোন মৌমিতা আক্তার জানান, আট মাস আগে গ্রামের বাড়িতে রিভা ও শাহিনের বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে আসে শাহিন। কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করেন তিনি। মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় ভাড়া বাসায় থাকতেন তারা। কারণে অকারণে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। গতকাল বৃহস্পতিবার ভোরে শাহিন শ্বশুর বাড়ির লোকজনকে ফোন করে জানান, রিভা অসুস্থ। তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তারা হাসপাতালে গিয়ে রিভার মৃতদেহ দেখতে পান। এর আগেই শাহিন হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যান। তখন থেকে শাহিনের মোবাইল ফোনটিও বন্ধ।