বৈদেশিক আয় বাড়াতে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা চান অর্থনীতিবিদরা
রেমিট্যান্স ১৬ শতাংশ বাড়লেও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হয়নি
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২৩:১৫
চলতি অর্থবছরে বিদেশি বিনিয়োগ এবং রফতানি আয় কাঙ্ক্ষিত মাত্রায় না আসলেও দেশের বহিঃআয় খাতকে সাহস জুগিয়েছে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স। এর উপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড হয়েছে। ডলারের দামে এসেছে স্বস্তি। তবে অর্থবছরের প্রথম দশ মাসে রেমিট্যান্স ১৬ শতাংশ বাড়লেও রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি।
এদিকে বিশ্বমন্দার প্রভাব, ইমেজ সঙ্কট এবং শ্রমিক রপ্তানিকারকদের সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েনে গোটা বহিঃআয় খাত নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। এ খাতের আয় বাড়াতে বাজেটে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন বলে মনে করেছেন অর্থনীতিবিদরা।
বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিকে সংহত রাখতে শ্রমিক রপ্তানির বন্ধ বাজার খোলা, নতুন বাজার খোঁজা এবং মন্ত্রণালয়ের সাথে শ্রমিক রপ্তানিকারকদের বিরোধ নিরসনে বাজেটে বিশদ ব্যাখ্যা ও দিক নির্দেশনা দেয়া প্রয়োজন। রপ্তানি আয় বাড়াতে বাংলাদেশের ইমেজ সঙ্কট পুনরুদ্ধারে পরিকল্পনা গ্রহণও জরুরি। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডে বৈদেশিক অর্থায়নের প্রকল্পগুলো বাস্তবায়নের উপর জোর দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা বাজেটে থাকতে হবে। এতে দেশীয় অর্থায়নের চাপ কমবে। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতুতে অর্থায়নের জন্য বৈদেশিক সহায়তা প্রাপ্তির চেষ্টা বন্ধ না করার পরামর্শ দিয়েছেন তারা।
অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরে বহিঃআয় খাতের প্রায় সব মাধ্যমেই কাঙ্ক্ষিত মাত্রায় আয় না হলেও তা সামাল দিয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা মোট এক হাজার ২৩০ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ৬১ কোটি মার্কিন ডলার। অর্থাত্ রেমিট্যান্স আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। উচ্চ রেমিট্যান্সের উপর ভিত্তি করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বর্তমানে রিজার্ভ রয়েছে প্রায় সাড়ে ১৪ বিলিয়ন ডলার। টাকার মানও হয়েছে শক্তিশালী।
বহিঃআয় খাতের অন্যতম একটি মাধ্যম রপ্তানি আয়। চলতি বছরে এ খাতের আয় লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত দুই হাজার ১৭৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ২৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। সে হিসেবে রপ্তানির পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে তিন দশমিক ৩১ শতাংশ পিছিয়ে রয়েছে। বহিঃআয় খাতের অন্য মাধ্যম বিদেশি বিনিয়োগ, ঋণ ও অনুদানও কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি।
অর্থনীতিবিদরা বলছেন, বহিঃআয় খাতকে সুসংহত করতে রেমিট্যান্স আয় বাড়ানোর উপর নজর দেয়া প্রয়োজন। কারণ বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনেক। বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১১ সালে জিডিপির সাড়ে ১০ শতাংশ ছিল রেমিট্যান্সের অবদান। অথচ গত দশকের শুরুর দিকে জিডিপিতে রেমিট্যান্সের অবদান ছিল মাত্র ৪ শতাংশ। বাংলাদেশের বহিঃআয় বা এক্সটার্নাল ইনফ্লো-র ৮৭ শতাংশই আসে রেমিট্যান্সের মাধ্যমে। আর মোট বিদেশি সাহায্য ও মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের চেয়ে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স যথাক্রমে সাড়ে ছয় গুণ ও ১৩ গুণ বেশি।
এদিকে অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অনেক হলেও তা অব্যাহত রাখার ব্যাপারে শঙ্কা তৈরি হয়েছে। জনশক্তি রপ্তানির বড় বাজারগুলোর বেশিরভাগই বন্ধ রয়েছে। শঙ্কা আরও বড় হয়ে উঠেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ের সাথে রপ্তানিকারকদের সম্পর্কের টানাপোড়েনে। ইতিমধ্যে বেসরকারি রপ্তানিকারকরা শ্রমিক রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছে। সরকারি পর্যায়ে স্বল্প ব্যয়ে শ্রমিক রপ্তানি শুরু হলেও সঠিকভাবে তা ধরে রাখা সম্ভব হবে কি না সেটিই এখন দেখার বিষয়।
গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইন্সটিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এ ব্যাপারে ইত্তেফাক’কে বলেন, সরকার নিজেই ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়লে আখেরে তা ভালো হয় না। সরকারের উচিত হবে বেসরকারি রপ্তানিকারকরা যেন শ্রমিক রপ্তানিতে উচ্চ চার্জ না নিতে পারে এবং প্রতারণা করতে না পারে সে ব্যাপারে তদারকি করা। তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের মজুরি সবচেয়ে কম। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। এতে রেমিট্যান্স আয়ও বাড়বে, শ্রমিক কল্যাণও নিশ্চিত হবে। তিনি বলেন, রেমিট্যান্স আয় বাড়ানোর পাশাপাশি রপ্তানি আয় বাড়াতেও পদক্ষেপ নিতে হবে। সামপ্রতিক সময়ে সাভার ট্র্যাজেডিসহ কয়েকটি ঘটনায় বাংলাদেশের যে ইমেজ সঙ্কট হয়েছে তা পুনরুদ্ধারে জোরালো ভূমিকা রাখতে হবে। অন্যথায় রপ্তানি আয়ে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
একই আশঙ্কা প্রকাশ করেছেন এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) এর সভাপতি আবদুস সালাম মুর্শেদিও। তিনি বলেন, এমনিতেই বিশ্ব মন্দার কারণে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি কমে যাচ্ছে। এ অবস্থায় পোশাক খাতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় রপ্তানি অর্ডার আরো কমে যেতে পারে।