গল্প নয় সত্যি

গল্প শোনাবে পরিধেয়

বাড়িতে যাদের ছোট্ট শিশু আছে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে তাদেরকে প্রায়ই গল্প শোনানোর আবদার মেটাতে হয়। এভাবে এক-দু’দিন গল্প শোনাতে নেহাত মন্দ না লাগলেও বিপত্তি বাধে তখনই যখন দিনের পর দিন শিশুদের নিত্য নতুন গল্প শোনার আবদার মেটাতে হয়। তা ছাড়া মাঝে মাঝে সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি শেষে এ ধরনের গল্প বলতেও অনীহা বোধ করেন কোনো কোনো বাবা-মা। মজার বিষয় হলো, এবার আধুনিক প্রযুক্তি আর স্মার্ট অ্যাপ্লিকেশনের যুগলবন্দী ঘটিয়ে শিশুদের এই আবদার মেটানোরও ব্যবস্থা করে দিয়েছে একটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। এদের বানানো বিশেষ এক ধরনের ঘুমানোর পোশাক পড়ে শিশুরা অনায়াসেই নিজেদের মতো করে গল্প শোনার কাজটি সেরে নিতে পারবে। বিষয়টা এমন যেন এই ‘বেডটাইম পাজামা’গুলোই তাদের শুনিয়ে যাবে মজার মজার সব গল্প। উদ্ভাবকরা জানিয়েছেন বিশেষভাবে তৈরি এই পোশাকগুলোতে এমন কিছু বিন্দুর সমন্বয় ঘটানো হয়েছে যেগুলো প্রতিটিই কোনো না কোনো গল্পের প্রতিনিধিত্ব করে। যখন কোনো একটি ট্যাবলেট কম্পিউটার (যেমন আইপ্যাড, গ্যালাক্সি ট্যাব) বা স্মার্টফোনের সাহায্যে এই ডট ক্লাস্টার বা প্রতিটি বিন্দুর দলকে স্ক্যান করা হবে তখনই সেই ডট ক্লাস্টারের মাঝে লুকিয়ে থাকা গল্পটি ট্যাবলেট বা স্মার্টফোনের পর্দায় হাজির হবে। এটি অনেকটা বারকোড রিডারের মতোই কাজ করবে যা একই সাথে শিশুদের পড়ার জন্য শুধু গল্পটিকে লিখিতভাবেই উপস্থাপন করবে না, বরং একই সাথে সেটি পড়েও শোনাবে। আর যে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে গল্পটিকে লিখিত বা অডিও রূপে রূপান্তরিত করা যাবে সেটি অনলাইন থেকে নামিয়ে নেওয়া যাবে বিনামূল্যেই। উদ্ভাবকেরা আশা করছেন প্রথমদিকে ৪৭ টি ভিন্ন ভিন্ন গল্পের জন্য ৪৭টি ডট ক্লাস্টার নিয়ে যাত্রা শুরু করলেও অচিরেই পোশাকের পরিবর্তন না ঘটিয়েই অ্যাপি¬কেশনে যুক্ত করা যাবে নতুন আরও অনেক গল্প। সেক্ষেত্রে শুধুমাত্র ক্লাস্টারগুলো স্ক্যান করার পর কী দেখানো বা শোনানো হবে সেই নেপথ্যের অংশটুকু সফটওয়্যার আপডেটের মতো পাল্টে নিলেই হবে। ইতোমধ্যেই ইউরোপের বাজারে আসা এই স্মার্ট পাজামার দামটিও ট্যাবলেট পিসি বা স্মার্টফোনের মালিকদের তুলনায় খুব বেশি কিছু নয়-বরং মাত্র ১৬ পাউন্ড বা দুই হাজার টাকার মতো।