অশ্রুসিক্ত সঞ্জয়
প্রকাশ : ২৭ মে ২০১৩, ১৯:২৮
শুধু বলিউডবাসীরই নয়, মিডিয়াকর্মীদেরও চরম আগ্রহ, আসলে জেলে কেমন কাটছে সঞ্জয়ের দিন! মাঝে মাঝে চাঞ্চল্যকর কিছু তথ্যও পাওয়া যায়। ঠিক এরকম চাঞ্চল্যকর একটি তথ্যের নতুন খবর হলো সশ্রম কারাদণ্ডের অংশ হিসেবে জেলে সঞ্জয় দত্ত কোন কাজটি করছেন। জেলে প্রবেশের আগে জানা গিয়েছিল, কারাগারে গিয়ে সঞ্জয় দত্ত বাবুর্চির কাজ করবেন। কিন্তু এবার জানা গেল নতুন পেশায় নিয়োজিত হবেন তিনি। তার কাজকে আরও সহজ করেই দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কারাগারে সঞ্জয় দত্ত কাগজ বাধাই করবেন এবং ফাইল তৈরি করবেন। আর এই কাজটিই আগামী ৪২ সপ্তাহ তাকে করতে হবে। আর এই পেশার জন্য দৈনিক মজুরিও পাবেন তিনি। যদি মোটামুটি কাজও করেন তাহলে প্রতিদিন ২৫ রুপি বেতন পাবেন। আর যদি কাজে ভালো করতে পারেন তাহলে ৪০ রুপি পর্যন্ত দৈনিক বেতন মিলবে তার। কারাগারের এক কর্মকর্তার মাধ্যমে জানা যায়, ‘সঞ্জয়ের জন্য এই কাজটি করা অনেকটাই সহজ হবে। আর এমনিতে সঞ্জয়কে ‘আন্ডা সেল’ শিরোনামের ডিম্বাকৃতি সেলে রাখা হয়েছে। মূলত তার নিরাপত্তার কথা ভেবেই এটি করা হয়েছিল। কিন্তু এখানেও তার ভক্তের অভাব নেই। বলা যায় অনেকটা রাজার মতোই আছেন। কিন্তু মাঝে মাঝেই অশ্রুসিক্ত দেখা যায় তাকে। আর এত বড় মাপের একজন তারকাকে এই পরিস্থিতিতে এসে অশ্রুসিক্ত দেখাটা অস্বাভাবিক কিছুও না বটে।