রেমিট্যান্স প্রেরণে এগিয়ে মধ্যপ্রাচ্য
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২০:১৭
চলতি অর্থবছরের দশ মাসে (জুলাই-এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ৭৮৭ কোটি ডলার সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে তা ৬০০ কোটি ডলারের নিচে ছিল। এর আগে ২০১০-১১ অর্থবছরে এসব দেশে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছিলো। চলতি অর্থবছরের একই সময়ে অন্যান্য দেশ থেকে রেমিট্যান্স এসেছে ৪৪৩ কোটি ডলার। অর্থাত্ চলতি অর্থবছরের প্রথম দশ মাসে সর্বমোট এক হাজার ২৩১ কোটি ৭১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বাংলাদেশ ব্যাংকের দেশ ভিত্তিক পর্যালোচনা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সূত্রমতে, বেশ কয়েকবছর যাবত্ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জনশক্তি রফতানিতে মন্দাভাব বিরাজ করছে। মধ্যপ্রাচ্যের এসব দেশে আশানুরূপ জনশক্তি রফতানি না হওয়ার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার কারণে অনেককেই দেশে ফিরে এসেছে। আর এসব প্রতিকূলতায় ২০১০-১১ অর্থবছর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছিল। গত অর্থবছরের (২০১১-১২) পুরো সময়ে মধ্যপ্রাচ্যের ৮টি দেশ থেকে রেমিট্যান্স এসেছিলো ৮৩২ কোটি ৮০ লাখ ডলার। তার আগের অর্থবছর এসব দেশ থেকে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিলো ৭২১ কোটি ৫৫ লাখ ডলার যা তার পূর্ববর্তী অর্থবছরে আসা ৭২২ কোটি ২৬ লাখ ডলারের তুলনায় কম ছিলো।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আশানুরূপ হারে জনশক্তি রফতানি না বাড়লেও বিভিন্ন সময়ে যাওয়া জনশক্তির বড় একটি অংশ এসব দেশে রয়েছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক প্রচারণার ফলে বর্তমানে ব্যাংকিং চ্যানেলে বেশি রেমিট্যান্স আসছে। এছাড়া অনেক প্রবাসী এসব দেশ থেকে ফিরে এসেছেন যারা সেখানে সঞ্চিত অর্থ দেশে পাঠিয়ে দিয়েছেন। এসব কারণে রেমিট্যান্স বেড়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, সৌদি আরবে জনশক্তি রফতানি আশঙ্কাজনক হারে কমলেও রেমিট্যান্স প্রেরণে একক দেশ হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে দেশটি। চলতি অর্থবছরের দশ মাসে সেখান থেকে রেমিট্যান্স এসেছে ৩৩৫ কোটি ৫৫ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৮৩ লাখ ডলার। এদিকে রেমিট্যান্স প্রেরণে সার্বিকভাবে তৃতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখান থেকে এ সময়ে এসেছে ১৫৪ কোটি ৪৮ লাখ ডলার। চতুর্থ স্থানে থাকা কুয়েত থেকে এসেছে ৯৯ কোটি ৫১ লাখ ডলার, পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ৮৫ কোটি ১২ লাখ ডলার এবং ষষ্ঠ অবস্থানে থাকা মালোয়েশিয়া থেকে এসেছে ৮৩ কোটি ১৭ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা। এদিকে প্রবাসী বাংলাদেশিরা চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ৮৩ কোটি ৯০ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। এর আগে গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিলো ১১৯ কোটি ৪৪ লাখ ডলার। চলতি মাসের ২৪ দিনে পাঠানো রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানার চার বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ৫৩ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি সাত লাখ ডলার। বেসরকারি খাতের ৩০টি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ কোটি ৩৬ লাখ ডলার এবং বিদেশি মালিকানার ৯টি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৩ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।