রামগড়-খাগড়াছড়ি সড়কে ধস ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২০:২৯
অপরিকল্পিতভাবে নির্মাণের দরুন কাজ শেষ না হতেই বৃষ্টির পানির তোড়ে ধসে গেছে ফেনী রামগড় জালিয়াপাড়া খাগড়াছড়ি সড়কের ঢাকা কলোনী নামক এলাকার অংশ। বিপজ্জনক অবস্থায় মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে সড়কের ঐ অংশ দিয়ে। সড়ক ও জনপথ বিভাগ সেখানে লাল পতাকা ঝুলিয়ে তাদের দায়-দায়িত্ব শেষ করেছে ! এদিকে রাস্তার পাড় ভরাটের জন্য অবৈধভাবে এলোপাতাড়ি মাটি কাটার ফলে সড়কের পাশের বিশাল পাহাড়টি এখন ধসে পড়ছে। সওজ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সড়ক বিভাগ রামগড় জালিয়াপাড়া খাগড়াছড়ি সড়কের ঢাকা কলোনী এলাকায় রাস্তার দু’পাশের ভাঙন ঠেকাতে প্রায় ৪৫ লাখ টাকার একটি প্রকল্প নেয়। গত এপ্রিল মাসে মাটি ভরাটের কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদার। রাস্তার পাশের বিশাল পাহাড় কেটে দেড়শ’-দু’শ’ ফুট গভীর ঐ ভাঙনকবলিত স্থানে মে মাসের গোড়ার দিকে মাটি ভরাটের কাজ শেষ হয়। এর মাত্র কয়েকদিনের মাথায় বৃষ্টির পানির তোড়ে ভেসে যায় ভরাটকৃত মাটি। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ভাঙনগ্রস্ত রাস্তার পাড়ের গভীর পাদদেশে কোনরকম রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল নির্মাণ না করে মাটি ভরাট করায় পানি স্রোতে ঐ মাটি ভেসে যায়। ভরাট করা মাটির সাথে রাস্তার একাংশও ধসে গেছে।
ঢাকা কলোনীর বাসিন্দারা জানান, গতবছরও এখানে কয়েকটি খুঁটি পুঁতে দায়সারাগোছের কাজ করে সওজ। জানা যায়, গত অর্থবছরে এ কাজে ব্যয় হয় প্রায় ১২ লাখ টাকা। কিন্তু এতে রাস্তার ভাঙন ঠেকানো যায়নি। এদিকে গত এপ্রিল মাসে রাস্তার দু’পাড়ে মাটি ভরাটের জন্য বিশালাকারের দু’টি পাহাড়ের একাংশ কেটে ফেলা হয়। পাহাড় কাটা নিষিদ্ধ হলেও পরিবেশ অধিদপ্তরের কোন পূর্বানুমতি না নিয়েই সম্পূর্ণ অবৈধভাবে পাহাড় দু’টি কাটা হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদার সওজের বুলডোজার(পেলুডার) ও ড্রাম ট্রাক ব্যবহার করে পাহাড় কেটে মাটি নিয়ে যায়। বৃষ্টির পর থেকে এখন ঐ পাহাড়ে ধস শুরু হয়েছে। সড়ক বিভাগের রামগড় শাখার উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব বড়ুয়া জানান, প্রকল্পের তদারকিসহ কোন কাজেই তাকে সম্পৃক্ত রাখা হয়নি। প্রকল্পের প্রাক্কলন তৈরি করে পেশ করলেও তা আমলে নেয়নি রামগড় উপবিভাগীয় প্রকৌশলী। তার দেয়া প্লানিং এস্টিমেটে রাস্তাটির ভাঙন স্থায়ীভাবে ঠেকানোর জন্য রাস্তার দু’পাশের পাড়ের পাদদেশে গাইড ওয়ালসহ পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজ অন্তর্ভুক্ত ছিল বলে তিনি জানান। একটি সূত্রে জানা যায়, প্রকল্পের নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান খাগড়াছড়ির রিপ এন্টারপ্রাইজের মালিক রিপ চাকমার কাছ থেকে কাজটি প্রায় ৯ লাখ টাকায় রামগড় পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগের সদস্য বাদশা মিয়া কিনে নেন। তিনি মূলত কাজটি করান। সওজ সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ঠিকাদার এ পর্যন্ত ১৭ লাখ ৪৩ হাজার টাকার বিল উত্তোলন করেছেন। রামগড় উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, পানির তোড়ে রাস্তার মাটি ধসে যাওয়ার পর তিনি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য সওজর খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলীকে বলেছেন।