ময়মনসিংহে চার জন
সড়ক দুর্ঘটনায় নিহত
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২০:৩৩
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বেলতলি নামক স্থানে ট্রাক লেগুনা মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অপর ৮ জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, বেলা সাড়ে ১২টার দিকে বেপরোয়া গতিতে আসা ঢাকা অভিমুখী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বোঝাই লেগুনার মুখোমুখি সংঘর্ষ ঘটে। মুখোমুখি সংঘর্ষ ঘটায় লেগুনাটি সম্পূর্ণ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে লেগুনার কমপক্ষে ১২জন যাত্রী আহত হয়। পরে গুরুতর আহত এই ১২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে ২ জন ও ঘটনাস্থলে ২ জন মারা যায়। নিহত ৪ জন হচ্ছেন: শামসুল হুদা মাস্টার (৭৫), আব্দুল হাকিম (৮০), আব্দুল কদ্দুস (৭০) ও গোলাম মোস্তাফা ওরফে তিব্বত মুন্সী (৬০)। এদের সবার বাড়ি ভালুকা উপজেলায়। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের হয়েছে।