উদ্ধারকারী জাহাজ নির্ভীক ও প্রত্যয়ের যাত্রা আজ শুরু

নৌ দুর্ঘটনার উদ্ধার কাজে গতি বাড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বহরে যুক্ত হচ্ছে নির্ভীক ও প্রত্যয় নামে দুটি উদ্ধারকারী জাহাজ। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জের মাওয়া লঞ্চঘাটে অত্যাধুনিক এ উদ্ধারকারী জাহাজ দুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ কোরিয়ার দায়েউ ইন্টারন্যাশনাল করপোরেশনের শিপইয়ার্ড নির্মিত জাহাজ দুটির নির্মাণে ব্যয় হয়েছে ৩৫৬ কোটি ৬৫ লাখ টাকা। কোরিয়া সরকারের দেয়া ঋণে নির্মিত জাহাজ দুটি অত্যাধিক উত্তোরণ ক্ষমতা সম্পন্ন। ৪০ বছর মেয়াদী ঋণের কিস্তি পরিশোধ করতে হবে ৩০ বছর পর থেকে। উদ্ধারকারী জাহাজ দুটির প্রতিটির উত্তোলন ক্ষমতা ২৫০ টন। নতুন এ উদ্ধারকারী জাহাজ দুটি বিআইডব্লিউটিএ বহরে যুক্ত হওয়ার ফলে নদীতে ডুবে যাওয়া নৌযান উদ্ধার সহজতর হবে। পুরনো উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের চেয়ে এগুলো অনেক বেশি কার্যকর হবে। এসব জাহাজে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা। ডুবে যাওয়া জাহাজ পানির নিচেই দ্রুত সনাক্ত করা সম্ভব হবে। ৫০ মিটার গভীর থেকে যে কোনো নৌযান তুলে আনা সম্ভব হবে। এসব জাহাজে রয়েছে পানির গভীরে হারিয়ে যাওয়া নৌযান শনাক্তকরণের বিশেষ শব্দ তরঙ্গ ও ছবি সংগ্রহ প্রযুক্তি, যা দিয়ে জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে বসেই ডুবে যাওয়া বস্তুর অবস্থান সম্পর্কে দ্রুত নিশ্চিত হওয়া যাবে। সোমবার উদ্ধারকারী জাহাজ দুটি অবমুক্ত করার পূর্বে পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এ কথা বলেন।