পোশাক শ্রমিকদের ন্যায্যতা প্রতিষ্ঠায় চাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন

পোশাক শ্রমিকদের জন্য ন্যায্যতা প্রতিষ্ঠায় সরকার ও মালিকদের দৃষ্টিভঙ্গী পরিবর্তনে দাবি উঠেছে নারী প্রগতি সংঘের গোলটেবিল আলোচনায়। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যায্যতা প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এই গোলটেবিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সঞ্চালনায় বক্তারা বলেন, শ্রমিকস্বার্থ রক্ষায় সরকার ও মালিকদের চরম উদাসীনতা, বিদ্যমান আইনের বাস্তবায়ন না থাকা এবং শ্রমিকদের পক্ষে দরকষাকষির জন্য কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন না থাকায় পোশাক শ্রমিকরা জীবনধারণ উপযোগী ন্যূনতম মজুরি ও সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থার বদল হওয়া আবশ্যক। তাছাড়া দেশের পোশাক কারখানাগুলোর বড় অংশই ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নির্মিত আবাসিক ভবনে স্থাপিত। কারখানাগুলোতে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্র, বিকল্প সিঁড়ি, সতর্কতা প্রদান যন্ত্র, প্রশস্ত নির্গমন পথ ও চিহ্ন, তালামুক্ত গেট নেই। যে কারণে দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রাণহানি ঘটছে। অথচ মালিকদের অবহেলাজনিত এসব হত্যাকাণ্ডের পরও মালিকপক্ষ অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচারের বাইরে থেকে যাচ্ছেন। দেখা যায়, দুর্ঘটনা-পরবর্তী সময়ে মালিকরা বিমা সুবিধা পেলেও শ্রমিকরা তা দূরের কথা, যথোপযুক্ত ক্ষতিপূরণ বা চিকিত্সা সেবা থেকেও বঞ্চিত হয়। এতে শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়। অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সবচেয়ে কম মজুরিতে পোশাক উত্পাদনের সুবিধা নেয় ঠিকই, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটবার পর নিজেদের দায়দায়িত্ব এড়িয়ে চলতে চায়। উপরন্তু, বাংলাদেশ থেকে পোশাক না কিনবার হুমকি দেয়, যা অত্যন্ত দুঃখজনক। আলোচনা সভায় বক্তব্য রাখেন ড. এম এম আকাশ, ড. সায়মা হক বিদিশা, ড. প্রতিমা পাল মজুমদার, ড. নাসিম আকতার হোসাইন, মাহমুদুর রহমান মান্না, শ্রমিক নেতা আবুল হোসেন, লুত্ফুর রহমান, নাসিমা আকতার, মন্টু ঘোষ, সরদার রুহিন হোসেন প্রিন্স, জাসদ নেতা শিরীন আকতার, বিলস-এর পরিচালক সুলতান আহমেদ, আফরোজা হক রিনা, লুত্ফুন্নেসা বিউটি প্রমুখ। এছাড়াও শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা, রাজনৈতিক দলের নেতা, নারী নেতৃবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।